মেসির সঙ্গী খুঁজছেন সাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অভিজ্ঞতা এবার ক্লাবেও হলো লিওনেল মেসির। এ মৌসুমে প্রায় একাই টেনেছেন ক্লাবকে, আর্জেন্টিনায় যা করতে হয় প্রায় নিয়মিতই। তবে জাভি-ইনিয়েস্তারা তো আর সব সময়ই নিজের ছায়া হয়ে থাকবেন না, বার্সার ভাবনা তাই সামান্যই। কিন্তু আর্জেন্টিনায় এই মানের ফুটবলার কোথায়! আলেসান্দ্রো সাবেলা তাই যথেষ্টই চিন্তিত। মেসির কয়েকজন উপযুক্ত সঙ্গী খুঁজছেন আর্জেন্টিনার কোচ। ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনাকে কেন্দ্র করে কার্যকরী একটা দল গড়ে তুলতে পেরেছিলেন কার্লোস বিলার্দো। ওই দলটাই আর্জেন্টিনাকে এনে দিয়েছিল সর্বশেষ বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নামগুলোর একটি হলেও ১৯৯৩ কোপা আমেরিকার পর থেকে বড় কোনো টুর্নামেন্ট জিততে পারেনি দলটি। গত বছর দেশের মাটিতে কোপায় মেসির আর্জেন্টিনা এই খরা ঘোচাতে পারবে বলে ধারণা ছিল অনেকের। কিন্তু কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে শেষ হয় স্বাগতিকদের দৌড়। ওই টুর্নামেন্টে আর্জেন্টিনার রক্ষণ ও মাঝমাঠে অনেক সমস্যা খুঁজে পেয়েছেন ফুটবলবোদ্ধারা।অভিযোগটা মানছেন সাবেলাও, ‘আসলে আর্জেন্টিনা এখন একটা পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছে। সব দলেই কখনো না কখনো এটা হয়, হঠাৎই দেখা যায় দলে একগাদা তরুণ ফুটবলার। তবে মাঝমাঠ ও রক্ষণভাগ শক্তিশালী করতে হবে আমাদের। সেটাই এখন আমাদের লক্ষ্য। সবাই জানে, মাঠের শেষ ৩০ মিটারে আমরা দুর্দান্ত।’ মেসির সঙ্গে শেষ ৩০ মিটারের জন্য সাবেলার হাতে আছেন কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইন ও সার্জিও আগুয়েরো। তবে মিডফিল্ডে বিকল্পের যথেষ্টই অভাব। ৩৭ বছর বয়সী হুয়ান সেবাস্তিয়ান ভেরন বুট তুলে রাখছেন আসছে জুনেই। আর হুয়ান রোমান রিকেলমে তো দলে অপাঙেক্তয়। ২০০৮ সালের অক্টোবরের পর থেকে আর আর্জেন্টিনার জার্সি গায়ে চাপাননি সৃষ্টিশীল মিডফিল্ডার। ম্যারাডোনা ও সার্জিও বাতিস্তার পর উপেক্ষিত তিনি সাবেলার জমানায়ও।তবে সাবেলার ভরসা তরুণেরাই। আগামী বিশ্বকাপের দিকে তাকিয়ে দল সাজাতে চান মেসিকে কেন্দ্র করে। যদিও সাবেলা এগোতে চান ধাপে ধাপে, ‘অবশ্যই আমাদের স্বপ্ন বিশ্বকাপে ভালো করা। তবে আগে আমাদের বাছাইপর্বে ভালো করতে হবে। বিশ্বকাপের জন্য দারুণ একটা দল গড়ে তুলতে হবে, যাতে সঠিক সময়ে আমরা ফর্মের চূড়ায় থাকতে পারি। তবে বিশ্বকাপ এখনো অনেক দূর, আমি সময়ের আগে চলা পছন্দ করি না।’আর্জেন্টিনা ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপ জিতেছিল মূলত দেশের ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের নিয়েই। তবে এখনকার কোচরা ইউরোপের ক্লাব ফুটবলে খেলা ফুটবলারদেরই প্রাধান্য দেন। সাবেলাও ব্যতিক্রম নন। জানালেন, বাস্তবতাটাই পাল্টে গেছে এখন, ‘বিদেশের ঘরোয়া ফুটবলে খেলা ফুটবলাররা এখনো আমাদের দেশে খেলা ফুটবলারদের চেয়ে খানিকটা উঁচু মানের। এটাই বাস্তবতা। ইউরোপে খেলা ফুটবলাররা বেশি ভালো বলেই ওরা জাতীয় দলে খেলে।’ আর্জেন্টিরার পরবর্তী ম্যাচ আগামী ২ জুন, ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে। এর সপ্তাহ খানেক পর প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে নিউইয়র্কে। রয়টার্স।