মেসির সঙ্গে জুটিতে রোমাঞ্চিত আগুয়েরো

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টাইনদের আক্রমণভাগের প্রধান অস্ত্র তিনি। যদিও এ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে আগুয়েরোকে ইনজুরি ও ফিটনেস সমস্যার কাছে বারবার হতে হয়েছে পরাজিত। এমনকি লিগের শিরোপা নির্ধারণীর মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারেননি। আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্কণ্ঠা বিরাজ করাটাই স্বাভাবিক। বিশ্বকাপে প্রতিপক্ষের ডি-বক্সে ঠান্ডা মাথায় গোল করার জন্য দলে সার্জিও আগুয়েরোর উপস্থিতি যে একেবারেই অপরিহার্য!
তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে আগুয়েরো বলেছেন, তিনি এখন পুরোপুরি ফিট। রোমাঞ্চের সঙ্গে ক্ষণ গুনছেন বন্ধু মেসির সঙ্গে বিশ্বকাপে জুটি বাঁধার। বয়সভিত্তিক দল থেকেই আগুয়েরো-মেসির বন্ধুত্ব। মেসির মতো আগুয়েরোও একসময় স্পেনের ফুটবলে খেলেছেন। ‘বিশ্বের সেরা খেলোয়াড়টি আপনার দলে খেলে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! বাছাইপর্বে সে আমাদের কঠিন অবস্থান থেকে তুলে এনেছে। মেসির সঙ্গে জুটি বেঁধে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’—বলেছেন আগুয়েরো।
দুর্দান্ত শারীরিক শক্তিমত্তা, দ্রুতগতির দৌড়, কার্যকর ড্রিবলিং, চতুর ও নিখুঁত পাস, জোরালো শট—সব মিলিয়ে যেন একটি স্ট্রইকার প্যাকেজ আগুয়েরো। জাতীয় দলের হয়ে ৪৭ ম্যাচে ২১ গোল অবশ্য তাঁর ক্ষমতার পুরোটা বোঝাতে দিচ্ছে না। তবে এই মৌসুমে আছেন বেশ ভালো ফর্মে। চোটের কারণে নিয়মিত খেলতে না পারলেও ২৮ গোল করেছেন। দুই বছর আগে তাঁর গোলেই শিরোপা জিতেছিল সিটি। এবারও রেখেছেন বড় ভূমিকা।
আর্জেন্টিনার আক্রমণভাগ সবচেয়ে তারকাবহুল। আগুয়েরোও তা মানছেন। তবে হিগুয়েনোর বদলে তিনি বেশি করে বলছেন এজেকুয়েল লাভেজ্জির কথা, ‘আমাদের রয়েছে অসাধারণ আক্রমণভাগ। লাভেজ্জি এবং আমি চেষ্টা করব বেশি বেশি গোল করার জন্য। আমাদের সমর্থন দেবে বেশ কজন চমত্কার মিডফিল্ডার। আমাদের দলটি প্রতিভাবান এবং নিজেদের দিনে যেকোনো দলকেই হারানোর ক্ষমতাই আমরা রাখি।’
ফুটবলবোদ্ধাদের অনেকেই বলছেন সহজ গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা। কিন্তু আগুয়েরো তা মানতে নারাজ, ‘নাইজেরিয়া আফ্রিকার চ্যাম্পিয়ন। অনেক দিন ধরেই ইরান চমত্কার ফুটবল খেলছে। বসনিয়া-হার্জেগোভেনিয়া হয়তো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে, তবে তাদেরও ইতিহাস সমৃদ্ধশালী। এদের বিপক্ষে খেলা মোটেও সহজ হবে না। ব্রাজিলের মতো দেশে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে খেলতে পারাটা দারুণ হতে যাচ্ছে।’