মেসির সঙ্গে তুলনা পছন্দ ম্যারাডোনার
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারডোনার সঙ্গে তুলনা করা হয়েছে অনেক আর্জেন্টাইন ফুটবলারকেই। কিন্তু সেই তুলনার যথার্থতা প্রমাণ করতে পারেননি কেউই। ব্যতিক্রম শুধু লিওনেল মেসি। দুর্দান্ত ফুটবলপ্রতিভার পরিচয় দিয়ে টানা তিনবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর মেসির সঙ্গে নিজের তুলনা করাটা বেশ পছন্দই করেন বলে জানিয়েছেন স্বয়ং ম্যারাডোনাও।ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শেষ মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে রেকর্ড ৭৩টি গোল করে এবারও ফিফার বর্ষসেরা পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন লিওনেল মেসি। ডিয়েগো ম্যারাডোনাও মনে করেন, মেসির হাতেই ওঠা উচিত ব্যলন ডি অ’র। কিন্তু এবারও তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সাকে পেছনে ফেলে রিয়ালকে লা লিগার শিরোপা জেতানোর পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তবে রোনালদো কখনোই মেসির সমপর্যায়ে আসতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ম্যারাডোনা। তিনি বলেছেন, ‘রোনালদো কখনোই মেসির উচ্চতায় যেতে পারবে না। রোনালদোর মতো জোরালো শট নিতে পারার ক্ষমতা মেসির দরকার নেই। মেসি তার অসাধারণ ড্রিবলিং দক্ষতা দিয়ে দারুণ দারুণ সব গোল করতে পারদর্শী।’অন্য কারও সঙ্গে নিজের তুলনা করাটা পছন্দ না করলেও মেসির সঙ্গে নিজের তুলনাটা বেশ উপভোগই করেন বলে জানিয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমি সত্যিই কোনো তুলনা করা পছন্দ করি না। তার পরও মেসির সঙ্গে তুলনাটা সত্যিই দারুণ ব্যাপার। আমরা দুজনই বাম পায়ের ফুটবলার, আর্জেন্টাইন ও দুর্দান্ত।’— ইএসপিএন