মেসির সঙ্গে তুলনা পাগলামি!
মেসি আর রোনালদো, রোনালদো আর মেসি। পুরো ফুটবল বিশ্ব যেন এই দুজনাতেই বুঁদ। অথচ তিনিও দুই মৌসুম ধরে গোলের ফুল ফুটিয়ে চলেছেন। তার পরও মেসি-রোনালদোর ছটায় ম্লান। গত মৌসুমে ৪৫ ম্যাচে ৩৯ গোল করেছেন। মারিও গোমেজ এই মৌসুমে আরও ক্ষুরধার। কালকের আগ পর্যন্ত তাঁর গোলের হিসাব ছিল—৪১ ম্যাচে ৩৭ গোল, এর মধ্যে চ্যাম্পিয়নস লিগেই গোল ছিল ১১টি!স্বাভাবিকভাবেই বায়ার্ন মিউনিখের জার্মান স্ট্রাইকারকে নিয়ে তাঁর দেশের মিডিয়ায় তুমুল উচ্ছ্বাস। অনেকেই গোমেজকে তুলনা করছেন মেসির সঙ্গে। তবে ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার নিজে যেন জিব কামড়ে বলছেন, ‘আমি অতটা পাগল নই যে, নিজেকে মেসির সঙ্গে তুলনা করব। কারণ, ও সর্বকালের সেরা ছিল, সর্বকালের সেরা থাকবে।’ গোমেজ এ-ও জানালেন, মেসি নয়, তাঁর ভাবনায় থাকে শুধুই দল, ‘মেসির সঙ্গে তুলনা করার চেয়েও বিব্রতকর অনেক কিছুই আছে। যদিও আমি ও কী করল না করল, তা নিয়ে ভাবি না। আমি শুধু আমার দলের জন্য নিজের সেরাটা দিয়ে যাই।’খেলোয়াড় হিসেবে দুজনই ভিন্ন ধাঁচের। গোমেজ পুরোদস্তুর স্ট্রাইকার। মেসি তা নন। অনেক সময় তিনি প্লে-মেকারও। এই মৌসুমে মেসি কিন্তু ২২টি গোল করিয়েছেনও। অবশ্য একটা জায়গায় মেসির সঙ্গে মিল খুঁজে পাওয়া গেল গোমেজের, নিজের কৃতিত্ব জাহির করার ব্যাপারে অনীহায়, ‘দলই আসলে আমার কাজটা অনেক সহজ করে দিচ্ছে। আমরা আক্রমণাত্মক খেলছি। সতীর্থ হিসেবেও দুর্দান্ত অনেককে পাশে পেয়েছি। ফরোয়ার্ড হিসেবে আমি গোলের জন্য সব সময় সুযোগ খুঁজবই। তবে গোল করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো দলের সাফল্য।’ রয়টার্স।