মেসির সঙ্গে দ্বন্দ্ব নেই: সাবেলা

লিওনেল মেসির সঙ্গে কোচ আলেসান্দ্রো সাবেলার ‘ক্ষমতার দ্বন্দ্ব’ চলছে! বসনিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসির মন্তব্য থেকে এমন গুঞ্জনই চলছে। তবে ইরানের বিপক্ষে আজকের ম্যাচের আগে আর্জেন্টিনার কোচের দাবি, মেসির সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই তাঁর। দলের সার্বিক পরিবেশ ঠিকঠাকই আছে।
বসনিয়ার বিপক্ষে শুরুর দিকে অতি রক্ষণাত্মক কৌশল নেন সাবেলা। আর্জেন্টিনাকে খেলান ৫-৩-২ ফরম্যাটে, যেটাতে মেসি একদমই অভ্যস্ত নন। এর প্রভাবও পড়েছিল খেলায়। প্রথমার্ধে আর্জেন্টিনা ছিল ছন্নছাড়া। আর্জেন্টাইন প্রাণ-ভোমরাও নিজেকে মেলে ধরতে পারছিলেন। দ্বিতীয়ার্ধে সাবেলা পুরোনো ৪-৩-৩-এ ফিরিয়ে আনায় আর্জেন্টিনার খেলায় কিছুটা ছন্দ ফিরে আসে। ম্যাচের পর কোচের রক্ষণাত্মক কৌশল নিয়ে আপত্তি তোলেন মেসি। আর্জেন্টাইন জাদুকর জানিয়ে দেন, বসনিয়ার বিপক্ষে নিজের মতো করে খেলতে না পেরে বিরক্ত ছিলেন তিনি। তিনি চান, ইরানের বিপক্ষে ম্যাচে যেন আরও বেশি আক্রমণাত্মক খেলা খেলে আর্জেন্টিনা। মেসির এই বক্তব্যের পর আর্জেন্টাইন গণমাধ্যমে গুঞ্জন ওঠে, সাবেলা ও মেসির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে। তবে সাবেলার দাবি, তাঁদের মধ্যে কোনো বিবাদ নেই।
তাহলে কেন প্রকাশ্যে কোচের কৌশলের সমালোচনা করলেন মেসি? প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসছে। এটা কি দ্বন্দ্বের ইঙ্গিত নয়? এ প্রশ্নেও আগের বক্তব্যে অটল রইলেন সাবেলা। বললেন, তিনিই মেসিকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছিলেন।
আর্জেন্টাইন কোচ বলেন, আর্জেন্টিনার কেমন খেলা উচিত, এ মতামত দিতেই পারেন মেসি। এটা নতুন কিছু নয়। দলের সার্বিক পরিবেশ ঠিকঠাক আছে। সূত্র: ফক্স স্পোর্টস।