মেসির সঙ্গে নেইমারও

কে পাচ্ছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার—গোল্ডেন বল? আর বেশি দেরি নয়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দাবি নিয়ে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-জার্মানি। ভোটাভুটি শেষ হবে মারাকানার মহারণের সমাপ্তির সঙ্গে সঙ্গে। ফাইনালের পরই জানা যাবে কে পেলেন গোল্ডেন বল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে নাম।
মারাকানার দুই ফাইনালিস্ট জার্মানি বা আর্জেন্টিনার কারও ভাগ্যেই শিকে ছেঁড়ার সম্ভাবনাটা বেশি। ফিফাঘোষিত ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় এই দুই দেশেরই যে সাতজন! তার মধ্যে জার্মানির আছে চারজন—টমাস মুলার, ম্যাটস হামেলস, টনি ক্রুস ও ফিলিপ লাম। আর্জেন্টিনার তিন প্রতিনিধি—লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া ও হাভিয়ের মাচেরানো। এঁদের সঙ্গে অন্য তিন দাবিদার ব্রাজিলের নেইমার, হল্যান্ডের আরিয়েন রোবেন ও কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।
এঁদের মধ্যে রদ্রিগেজ এখন পর্যন্ত গোল্ডেন বুট পাওয়ার একমাত্র দাবিদার। এখন পর্যন্ত সর্বোচ্চ ৬ গোল করেছেন একমাত্র তিনিই। ৫ গোল নিয়ে কলম্বিয়ান তরুণের ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছেন মুলার। এরই মধ্যে ৫ গোল করেছেন, আজ একটি করতে পারলেও ধরে ফেলবেন রদ্রিগেজকে। ৪ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে আছেন মেসিও। ফিফাডটকম।