
জাদুকর আসবেন মঞ্চে, সবাই অধীর অপেক্ষায়। জাদুকর এলেন। জাদুও দেখালেন, তবে এর মধ্যে আরেকজন এসে দেখিয়ে গেলেন ভোজবাজি। পরশু লিওনেল মেসির জাদু দেখার জন্যই সবাই বুঁদ হয়ে ছিলেন টিভিতে। মেসি চোখে বারবারই মায়াঞ্জন বুলিয়ে গেছেন, তবে আহমেদ মুসা এসে সেই মঞ্চটা দখল করে রেখেছিলেন ক্ষণিকের জন্য। দুর্দান্ত দুটি গোল করে বলতে গেলে মেসির সঙ্গে সমানতালেই পাল্লা দিয়েছেন! মেসির সঙ্গে বারবার তাঁর নাম উচ্চারিত হয়েছে ভাষ্যকারদের কণ্ঠে, ২১ বছর বয়সী একজন ফরোয়ার্ড এর বেশি অার কী চাইতে পারতেন!
বিশ্বকাপে অভিষেক এবারই। চার বছর আফসোসটা তাড়া করে বেড়িয়েছে আহমেদ মুসাকে। ২০১০ বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন। হয়তো মূল দলেও জায়গা পেতেন। ছিটকে দিয়েছিল অ্যাঙ্কেলের চোট। পরশু সেই অতৃপ্তি অনেকটাই মুছে যাওয়ার কথা। নাইজেরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো জোড়া গোল করেছেন বিশ্বকাপে, মেসিময় বিশ্বের কিছুটা হলেও তো মুসাময় ছিল!
বড় মঞ্চে আলো ছড়ানোর আভাসটা দিয়েছিলেন আগেই। সেই ১৭ বছর বয়সে সুপার ইগলদের হয়ে অভিষেক। তার আগেই নিজেকে চিনিয়েছিলেন ঘরোয়া ফুটবলে। ২০০৯-১০ মৌসুমে হয়েছিলেন নাইজেরিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা, বয়স তখন ছিল মাত্র ১৬ বছর। জানিয়ে দিয়েছিলেন, ইয়েকিনি-কানুদের যোগ্য উত্তরসূরি হওয়ার সব সম্ভাবনাই আছে তাঁর মধ্যে। তখনই ডাচ ক্লাব ভেনলোর চোখ পড়ে তাঁর ওপর। ২০১০ সালেই মুসাকে দলে নিয়ে আসে তারা। কিন্তু বয়স ১৮ পূর্ণ না হওয়ায় ফিফার নিয়মানুযায়ী মাঠে নামতে পারেননি।
২০১১ সালে অভিষেকের পর দুই মৌসুম কাটিয়েছেন এখানে। এর মধ্যেই বুন্দেসলিগার নাম না-জানা এক ক্লাব মুসার জন্য ৮০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সোনার ডিম পাড়া হাঁসকে কে হাতছাড়া করতে চায়?
তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ভেনলো। রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কো তাঁকে নিয়ে আসে দলে। কত দামে, সেটা অবশ্য জানা যায়নি। এখন অবশ্য স্ট্রাইকার থেকে উইংয়ে সরে এসেছেন। ৬৫ ম্যাচে ১৯ গোল একজন উইঙ্গারের জন্য খারাপ রেকর্ড নয় মোটেই। লিগও জিতেছেন দুবার। এবার যা দেখালেন, ইউরোপের বড় ক্লাবগুলো মুসাকে নিতে নড়েচড়ে বসবে নির্ঘাত।
দল জেতেনি, তবে নাইজেরিয়া উঠে গেছে চূড়ান্ত পর্বে। সঙ্গে মেসির মতো মহাতারকাকে পাল্লা দেওয়া জোড়া গোল। মুসার কণ্ঠে তাই উচ্ছ্বাস, ‘গোল করতে পেরে আমি খুবই খুশি। বিশেষ করে আর্জেন্টিনা ও লিওনেল মেসির সঙ্গে।’
দ্বিতীয় রাউন্ডে কি আবারও মুসা-জাদু দেখা যাবে?