মেসির সবুজ সংকেতের পরই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসির সঙ্গে পরামর্শ করেই নেইমারকে আনা হয়েছে ন্যু ক্যাম্পে
লিওনেল মেসির সঙ্গে পরামর্শ করেই নেইমারকে আনা হয়েছে ন্যু ক্যাম্পে

ওত পেতে ছিল অনেক ক্লাব। তাঁকে কিনতে বার্সেলোনাকে তাই দাম দিতে হয়েছে অনেক, ৫ কোটি ৭০ লাখ ইউরো। অনিশ্চয়তার সঙ্গে ছিল শঙ্কাও। লিওনেল মেসির সঙ্গে নেইমার খাপ খাইয়ে নিতে পারবেন তো? এক বনে দুই বাঘ থাকলে ব্যাপারটা আসলে কেমন হবে! বার্সেলোনার সাবেক ডাচ গুরু ইয়োহান ক্রুইফ এই জুটির সাফল্য নিয়ে অবশ্য এখনো সন্দিহান।

তবে আপাতত বার্সেলোনা সমর্থকদের উদ্বিগ্ন না হলেও চলবে। বার্সা সভাপতি সান্দ্রো রোসেল জানিয়েছেন, নেইমারকে কেনার আগে মেসির সঙ্গে তিনি খোলামেলা কথা বলে নিয়েছিলেন। মেসি নাকি সানন্দেই সায় দিয়েছেন এই সিদ্ধান্তে। এমনিতেই গত মৌসুমে বার্সার হয়ে গোল করার দায়িত্বটা একরকম একাই সামলাতে হয়েছে মেসিকে। নেইমার এলে সেই বোঝাটা অনেকটা হালকা হবে—মেসি যুক্তিটা না মেনে পারেননি।

আরেকটা শঙ্কাও ছিল। দুই তারকার মধ্যে ব্যক্তিত্বের সংঘাত হবে না তো? এখানেই বার্সেলোনা দারুণ একটা কাজ করেছে। চুক্তি করার আগে নেইমারের সঙ্গে এটা নিয়ে কথা বলেছে। মেসির নেতৃত্ব যে ন্যু ক্যাম্পে প্রশ্নাতীত, সেটা তাঁকে জানানো হয়েছে। নেইমারও মেসির নেতৃত্ব মানতে আপত্তি করেননি। আর করবেনই বা কেন? দুজনের খেলার ধরন তো এক নয়! আর মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ কে হেলায় হারাতে চায়?

নেইমার কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবেন সেটা সময়ই বলে দেবে। এখনই অনেকে পূর্বসূরি রোনালদিনহোর সঙ্গে তাঁর তুলনা টানতে শুরু করে দিয়েছেন। ব্রাজিলিয়ান তরুণ এখনই এসব আমলে নিচ্ছেন না, ‘আপনি রোনালদিনহোর সঙ্গে কাউকে তুলনা করতে পারবেন না। আমার ক্ষেত্রে বলি, আমি ইতিহাস গড়া শুরু করেছি মাত্র। আমার মনে হয়, বার্সেলোনায় আমি কিছু কীর্তি রেখে যেতে পারব।’ বার্সার খেলার ধরনই যে তাঁকে আকৃষ্ট করেছে সেটা কবুলও করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ‘আমাকে যেটা টেনেছিল সেটা হলো বার্সার ঘোরপ্যাঁচ ছাড়া খেলার ধরন। প্রতিটি ম্যাচেই এমন সাবলীলভাবে খেলতে পারাটা আসলেই দুর্দান্ত।’ রয়টার্স, ওয়েবসাইট।