মেসির সমঝোতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে আর ভয় নেই লিওনেল মেসির! জেলে যেতে হবে না, ঘুরতে হবে না কর ফাঁকির অপবাদ মাথায় নিয়েও। স্পেনের কর বিভাগের সঙ্গে দেনা-পাওনা মিটিয়ে নিচ্ছেন তিনি। আর সেটা হয়ে যাওয়ার পর মেসির ওপর থেকে সব অভিযোগও তুলে নেবে কর বিভাগ।কর ফাঁকির মামলায় বাবাকে নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর স্পেনের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল মেসির। আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে দুজনেরই কারাদণ্ড ভোগ করতে হতো। তবে স্প্যানিশ দৈনিক এল পিরিয়ডিকো জানিয়েছে, ইতিমধ্যে মেসি ও তাঁর আইনজীবী স্পেনের কর বিভাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন। দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী, মেসি ও তাঁর বাবা স্পেনের কর বিভাগকে ১ কোটি ৫০ লাখ ইউরো দেবেন। এ ছাড়া ২০১০ ও ২০১১ সালে বার্সেলোনার আর্জেন্টাইন তারকার ‘ইমেজ স্বত্ব’ থেকে পাওয়া অর্থের কর হিসাবে ১ কোটি ইউরো কিছুদিন আগে কর বিভাগকে দেওয়া হয়েছে। ২০১২ সালের আয়কর হিসাবে ৩০ জুনের মধ্যে আরও কয়েক মিলিয়ন ইউরো দেওয়া হবে। সব মিলিয়ে স্পেনের কর বিভাগকে প্রায় ৩ কোটি ইউরো দিতে হবে। আয়কর বিভাগ জানিয়েছে, পুরো অর্থ পেলে কর ফাঁকির এ মামলা থেকে তারাও অব্যাহতি দেবে মেসিকে।যদিও কর ফাঁকির কারণে কারাদণ্ডের নজির খুব কম। বেশির ভাগ ক্ষেত্রেই আইনটা শুধু কাগজে-কলমে থেকে যায়। অভিযুক্তরা তার আগেই জরিমানাসহ দেনা-পাওনা শোধ করে ঝামেলা মিটিয়ে নেন। মেসির আগে একই রকম অভিযোগ উঠেছিল লুইস ফিগো আর ডেভর সুকারের বিরুদ্ধে। জরিমানা গুনতে হয়েছিল তাঁদেরও। ইএসপিএন।