মেসির সমর্থনে বাতিস্তা
যে মেসিকে ঘিরে ডিয়েগো ম্যারাডোনার এত স্বপ্ন-সাধ ছিল, সেই মেসিই কয়েক দিন আগে মন্তব্য করেছেন, কোচ হিসেবে সার্জিও বাতিস্তাকেই তিনি চান! কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপই যেন মেসির দুঃসময়ে পাশে দাঁড়ালেন বাতিস্তা। হুয়ান সেবাস্তিয়ান ভেরনের পর আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরই সতীর্থ মার্টিন পালেরমো, তবে মেসির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দিয়েছেন বর্তমানে কোচের দায়িত্বে থাকা বাতিস্তা। খবর বুয়েনস এইরেস হেরাল্ড।‘মেসি ম্যারাডোনা নয়। আমার মতে, ম্যারাডোনার যে মানসিক দৃঢ়তা ছিল, সেটি মেসির নেই। দলের ভার কাঁধে নেওয়ার মতো ও প্রস্তুত নয়, দলের নেতা হওয়ারও যোগ্য হয়ে ওঠেনি’—আর্জেন্টিনার এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে বলেছিলেন পালেরমো। তবে মেসির প্রতি সমর্থন জানিয়ে স্পেনের সংবাদপত্র স্পোর্তকে সার্জিও বাতিস্তা বলেছেন, ‘আমি মেসিকে পছন্দ করি তার নম্রতার জন্য, মাঠে সুন্দর খেলার জন্য। স্বাধীনতা দেওয়া হলে পুরো মাঠ জুড়েই খেলার সামর্থ্য রাখে মেসি। সে খেলতে ভালোবাসে।’ এখানেই থামেননি বাতিস্তা। আর্জেন্টিনার এই কোচ জানিয়ে দিয়েছেন, কয়েক বছর থেকেই বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সব যোগ্যতা ধরে রেখেছেন মেসি।