মেসির সামনে আজ জারাগোজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ফর্মের তুঙ্গে থাকা লিওনেল মেসি এবার দৃষ্টি দিচ্ছেন লিগের দিকে। ২২ এপ্রিল রিয়াল মাদ্রিদের সঙ্গে সেই চির আকাঙ্ক্ষিত দ্বৈরথ ‘এল ক্লাসিকো’। ন্যু ক্যাম্পের ওই ম্যাচ সামনে রেখে আজ জারাগোজার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ৩ পয়েন্ট এনে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ওপর চাপটা অব্যাহত রাখাই লক্ষ্য। বাধাটাও সহজ। অবনমন এলাকার দল জারাগোজার এমনিতেই পেপ গার্দিওলার দলের সামনে মাথা তুলে দাঁড়ানোর কথা নয়।২০০৮ সালের পর বানার্ব্যুতে শিরোপা ফিরিয়ে আনার লড়াইয়ে গত মাসেও ১০ পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল। বার্সেলোনা কোচ সখেদে এমনও বলেছিলেন, তাঁদের লিগ শিরোপা জয়ের আশা শেষই হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে টানা দুটি ম্যাচে ড্র করে বসে রিয়াল। দুই শিরোপা প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান নেমে আসে ৬-এ।বার্সেলোনা ও রিয়াল গত মঙ্গল ও বুধবার নিশ্চিত করে ফেলেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। মেসির জোড়া পেনাল্টি গোলে বার্সা এসি মিলানকে হারিয়েছে ৩-১ গোলে। ওই দুটি গোলে চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন মেসি। পেছনে ফেলেছেন রুদ ফন নিস্টলরয় ও নিজেরই করা এক মৌসুমে ১২ গোলের রেকর্ডকে। ছুঁয়েছেন ১৯৬২-৬৩ মৌসুমে করা মিলান কিংবদন্তি হোসে আলতাফানির ১৪ গোলের রেকর্ড।একের পর এক রেকর্ড এসে লুটিয়ে পড়ছে আর্জেন্টাইন তারকার পায়ে। সর্বশেষ ১২ ম্যাচে করেছেন ২৪ গোল, মৌসুমে এরই মধ্যে হয়ে গেছে ৫৮ গোল! আজও এই মেসির দিকেই তাকিয়ে কোচ গার্দিওলা। দল তো আছেই, মেসি গোল করতে চাইবেন নিজের জন্যও। গোল করাটাকে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ বানিয়ে ফেললেও একটা জায়গায় পিছিয়ে বার্সেলোনার আর্জেন্টাইন গোল-মেশিন। লিগে তাঁর চেয়ে এক গোলে এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের পর্তুগিজ তারকার গোল ৩৭টি, মেসির ৩৬টি। আজ তাই প্রতিদ্বন্দ্বীকে ছুঁয়ে ফেলা বা টপকে যাওয়ার পালা। সেটা হলে বার্সেলোনা আরও তপ্ত নিঃশ্বাস ফেলতে পারবে রিয়ালের কাঁধে। জারাগোজার বিপক্ষে জিতলেই রিয়ালের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধানটা নেমে আসবে তিনে। তবে আগামীকালই ব্যবধানটা আবার ছয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে রিয়ালের। নিজেদের মাঠ বার্নাব্যুতে হোসে মরিনহোর দল খেলবে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানের দল ভ্যালেন্সিয়ার সঙ্গে।লা লিগায় আজ আছে আরও চারটি ম্যাচ। কিন্তু মেসি আর বার্সেলোনার জাদু রেখে অন্যদিকে দৃষ্টি ফেরাতে কারই বা মন চাইবে! এএফপি।