মেসির সামনে রেকর্ড আর মিলান
লিওনেল মেসির জন্য যেন রেকর্ড-পক্ষ চলছে। কিছুদিন ধরে একের পর এক রেকর্ড এসে লুটেছে তাঁর পায়ের তলায়। বার্সেলোনার হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোল করেছেন, সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড়ও হয়েছেন। এবার আর্জেন্টাইন খুদে জাদুকরের সামনে আরেকটি রেকর্ডের হাতছানি। আর একটি গোল করতে পারলেই চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়বেন।১২ গোলের রেকর্ডটায় মেসি এখনো ভাগাভাগি করছেন রুড ফন নিস্টলরয়ের সঙ্গে। গত মৌসুমের পর এই মৌসুমেও ১২ গোল করেছেন মেসি, নিস্টলরয় করেছিলেন ২০০৩ সালে। একটা গোল করতে পারলেই নিস্টলরয়কে পেছনে ফেলবেন। গত নয় ম্যাচে ২১ গোল করা মেসি আর একটা গোল করতে পারবেন না!চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই মেসির রেকর্ড ভেঙে ফেলা যত নিশ্চিত মনে হচ্ছে, ফল নিয়ে কি ততটাই অনিশ্চয়তা? সাতবারের চ্যাম্পিয়ন মিলান আর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা শেষ আটেই মুখোমুখি হয়ে যাবে, কেই-বা ভেবেছিল! দুই দলই পেয়েছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। অবশ্য এই ম্যাচে বার্সাকেই ফেবারিট মানছেন বেশির ভাগ বোদ্ধাই। গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচে থিয়াগো সিলভার শেষ মুহূর্তের গোলে সমতা ফেরালেও মিলান কিন্তু ফিরতি ম্যাচে নিজেদের মাঠেই হেরেছিল ৩-২ গোলে। আজ সেই সান সিরোতেই খেলা।বার্সাকে এগিয়ে রাখছে চ্যাম্পিয়নস লিগে তাদের দুর্দান্ত ফর্ম। এবার এখন পর্যন্ত আট ম্যাচে সাতটি জয়, একটি ড্র। গোল করেছে ৩০টি, প্রতি ম্যাচে গোলগড় প্রায় চারটি! চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ১৪ ম্যাচে তারা অপরাজিত, ইতালিয়ান প্রতিপক্ষের সঙ্গে হারেনি গত পাঁচ ম্যাচেই। এই পরিসংখ্যান তো বটেই, মিলানের জন্য আরও দুঃসংবাদ তাদের চোটের দীর্ঘ তালিকা। দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পাতে-রবিনহো খেলতে পারবেন না। থিয়াগোও ইনজুরিতে। মার্ক ফন বোমেল আবার নিষিদ্ধ। অবশ্য চোট কাটিয়ে দলে ফিরেছেন বার্সার বিপক্ষে গত ম্যাচে গোল করা কেভিন-প্রিন্স বোয়াটেং। তা ছাড়া এই মৌসুমে ৩৩ ম্যাচে ২৯ গোল করে ফর্মের তুঙ্গে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচও অধীর হয়ে আছেন পুরোনো ক্লাবের মুখোমুখি হতে।রাতের অন্য ম্যাচটি মার্শেই-বায়ার্নের। নিজেদের মাঠে খেলা হলেও ড্রটাকেও যেন কঠিন ফল মনে করছে ফরাসি ক্লাবটি। নিজেদের গত আট ম্যাচেই জয়ের দেখা পায়নি মার্শেই। সর্বশেষ পাঁচ ম্যাচেই জিতেছে বায়ার্ন। বলা হচ্ছে, চ্যাম্পিয়নস লিগের শেষ আটে এসে এমন বৈপরীত্য নিয়ে আর কখনো দুই দল মুখোমুখি হয়েছিল কি না, সেটি গবেষণার বিষয়! বায়ার্নের জন্য আরও সুখবর হলো, মারিও গোমেজ তাঁর গত মৌসুমের ফর্ম তো ধরে রেখেছেনই, গত পাঁচ ম্যাচে সাত গোল করে সমালোচকদের জবাব দিয়েছেন আরিয়েন রোবেনও। এই মৌসুমে গোমেজের ৩৬ গোলের ১০টিই চ্যাম্পিয়নস লিগে। এবারের ফাইনাল নিজেদের মাঠে—এই তথ্যে বায়ার্ন যেন আরও উজ্জীবিত! এএফপি, রয়টার্স।