মেসির সুযোগ...
তিনি ২৮, আর ইনি ২৭। ন্যূনতম ব্যবধান। ক্রিস্টিয়ানো রোনালদোও একটু এগিয়ে। তবে সমস্যা নেই। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা তালিকায় আগামী রোববার লিওনেল মেসিই ওঠে যাচ্ছেন সবার ওপরে। এদিন একটা হ্যাটট্রিকই অপেক্ষা করছে তাঁর জন্য!মেসির হ্যাটট্রিকের আগাম ভবিষ্যদ্বাণী দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। এতটা নিশ্চিত হওয়া গেল কী করে? প্রতিপক্ষ যে অ্যাটলেটিকো মাদ্রিদ! মাদ্রিদের দুটি শীর্ষ ক্লাবের বিপক্ষেই গোল করতে মেসি যেন খুব ভালোবাসেন। রিয়ালের মতো অ্যাটলেটিকোর বিপক্ষেও তাঁর রেকর্ড দুর্দান্ত। রিয়ালের চেয়ে বেশি ভালোই বলতে হবে। কারণ ঘরোয়া প্রতিপক্ষগুলোর মধ্যে অ্যাটলেটিকোর বিপক্ষেই সবচেয়ে বেশি গোল তাঁর। ১৩ ম্যাচে ১৭টি। এর মধ্যে ১৪টি গোল লিগে, তিনটি কিংস কাপ বা কোপা ডেল রেতে।অ্যাটলেটিকোর বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছেন। আগামী রোববার তাঁর জন্য হ্যাটট্রিকের হ্যাটট্রিক করার সুযোগ! গত ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে একাই করেছেন চার গোল। নিজের ২০০তম লিগ ম্যাচটিতে ছিলেন দুর্দান্ত। ছিলেন অবিশ্বাস্য। ওসাসুনা-ধাক্কাও ওই ম্যাচে ভালোমতোই সামলে উঠেছে বার্সা।যদিও একটা প্রশ্ন এখনো খড়্গ হয়ে ঝুলছে ম্যাচের মাথার ওপর। এই মৌসুমে অ্যাওয়ে ম্যাচগুলোয় ১৬ পয়েন্ট হাতছাড়া করেছে পেপ গার্দিওলার দল। ৬ ড্রর পাঁচটিই অ্যাওয়ে ম্যাচে, দুটি পরাজয়ও। নেপথ্য কারণ অ্যাওয়ে ম্যাচে মেসির নিষ্প্রভ থাকা। লিগে ২৩ ম্যাচে ২৭ গোল—বলতেই হবে অবিশ্বাস্য। কিন্তু এর মধ্যে মাত্র ৪টি গোল প্রতিপক্ষের মাঠে। গত জানুয়ারিতে মালাগার বিপক্ষে হ্যাটট্রিক হওয়ার আগে অ্যাওয়ে ম্যাচে মেসির গোল ছিল একটি!মেসির জন্য আগামী পরশু তাই এই ব্যর্থতার বৃত্ত ভাঙারও সুযোগ, যেহেতু ম্যাচটি অ্যাটলেটিকোর মাঠে। দলের জন্য মেসি কতটা গুরুত্বপূর্ণ সেটা ভ্যালেন্সিয়ার বিপক্ষে আরও একবার প্রমাণিত। আন্দ্রে ইনিয়েস্তাও বলেছেন, ‘মেসিকে তার খেলাটা উপভোগ করতে দিতে হবে। সেই দলের প্রাণভোমরা।’মেসি নিজে অবশ্য কখনোই নিজের কথা বলেন না। এবারও বললেন না। বরং শিরোপার আশা শেষ হয়ে যায়নি এই দৃঢ়বাক্যই উচ্চারিত হলো তাঁর কণ্ঠে, ‘সতীর্থ, কোচ এবং আমার জন্য গুরুত্বপূর্ণ এমন সবার ওপরই আমার আস্থা আছে। এটাই আমাকে তৃপ্ত করছে।’ রয়টার্স।