মেসির হঠাৎ আঘাতে ভয় পেয়ে গিয়েছিলেন ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরি আতঙ্কে ভুগছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো। কয়েক দিন আগে মাইকেল বালাকের ইনজুরিতে জার্মানিকে হতাশায় ডুবতে হয়েছে। ভাগ্য ভালো, আর্জেন্টিনাকে জার্মানির মতো ভাগ্য বরণ করতে হয়নি। গতকাল শুক্রবার আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় হাতিয়ার লিওনেল মেসি অনুশীলনের সময় ডান হাঁটুতে আঘাত পেয়েছিলেন। তবে কোচ ম্যারাডোনা জানিয়েছেন, মেসির ইনজুরি নিয়ে আশঙ্কার কিছু নেই। তবে তাত্ক্ষণিকভাবে মেসির আঘাতের কারণে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন বলে স্বীকার করছেন আর্জেন্টিনার এই জীবন্ত কিংবদন্তি।বিশ্বকাপ অভিযানের লক্ষ্যে আগামী শুক্রবার দেশ ছাড়ার কথা আর্জেন্টিনা দলের। এর আগে রাজধানী বুয়েন্স আয়ার্সে কানাডার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ম্যারাডোনার দল। সোমবার অনুষ্ঠেয় এই ম্যাচের জন্যই নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা।স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে ম্যারাডোনা বলেন, ‘আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। হাভিয়ের মাচেরানোর হাঁটুর সঙ্গে যখন মেসির হাঁটুর ধাক্কা লাগল তখন দেখলাম মেসি পড়ে গেছে। ভাগ্য ভালো তেমন কিছুই হয়নি। সে চাইলে সোমবার কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারে।’ সতীর্থ নিকোলাস ওটামেন্ডি সমর্থকদের আশ্বস্ত করে রয়টার্সকে বলছেন, ‘মেসির হাঁটুতে ধাক্কা লেগেছিল মাত্র। আশঙ্কা করার মতো কিছু হয়নি। মেসি ভালো আছে।’তাঁকে ছাড়া আর্জেন্টিনা অনেকটা নিষ্প্রাণ। ম্যারাডোনাকে যেমন ‘ফুটবল ঈশ্বর’ হিসেবে বিবেচনা করেন আর্জেন্টিনার সমর্থকেরা, তেমনি মেসির মাঝে ম্যারাডোনার ছায়া খুঁজে পায় তারা। সদ্য সমাপ্ত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় সর্বোচ্চ ৩৪টি গোল করে বিশ্বকাপ অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছেন। কোচ ম্যারাডোনাও মেসিকে কেন্দ্রভাগে রেখে দল সাজিয়েছেন।বিশ্বকাপের একেবারে দ্বারপ্রান্তে এসে মেসির ইনজুরির খবর সমর্থকদের জন্য তাই আশঙ্কার অনেক বড় কারণ। সমর্থকদের আশ্বস্ত করেছেন ম্যারাডোনা নিজে। সতীর্থরাও নিশ্চিত করেছেন, ভালো আছেন মেসিও। তার পরও মেসি ভক্তদের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে আর্জেন্টিনা দলের ওয়েবসাইটে চিকিত্সকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘মেসির হাঁটু সামান্য ছুলে গেছে। এর বেশি কিছু নয়।’