মেসির হাই তোলা নিয়ে শোরগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনেও মেসিকে দেখাচ্ছে নিরাসক্ত, ক্লান্ত!
অনুশীলনেও মেসিকে দেখাচ্ছে নিরাসক্ত, ক্লান্ত!

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়। বিদায় স্প্যানিশ কাপ থেকেও। লিগ জেতার আশাও ক্ষীণ স্রোতধারা নদীর মতো। পাঁচ বছর পর কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করার শঙ্কার সামনে বার্সেলোনা। সান্ত্বনা পুরস্কার হিসেবে আছে কেবল কষ্টেসৃষ্টে জেতা স্প্যানিশ সুপার কাপের ট্রফি। সমর্থকেরা ক্ষুব্ধ। দলের ব্যর্থতায় ব্যথিত, হতাশ। সমালোচনার তিরও ধেয়ে যাচ্ছে তারকাদের দিকে। বাদ যাচ্ছেন না বার্সার সোনালি চারটি বছরে ১৪টি ট্রফি জেতার কান্ডারি লিওনেল মেসি।

এমন খারাপ সময় মেসির ক্যারিয়ারে আর যেন আসেনি। মাঠে নিষ্প্রভ। সেই জাদুও যেন নেই। মেসির খেলার মধ্যেও নিজেকে উজাড় করে দেওয়ার ছাপ নেই। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে গোলরক্ষকের চেয়ে মাত্র দেড় কিলোমিটার বেশি দৌড়েছেন বলে সমালোচনার চাবুক ধেয়ে গেছে তাঁর দিকে। স্প্যানিশ মিডিয়ায় এবার শোরগোল উঠেছে অনুশীলনে মেসির হাই তোলার একটি ভিডিও ক্লিপ নিয়ে। অনুশীলনেও মেসিকে দেখাচ্ছে ক্লান্ত। ঘুমঘোর যেন কাটছেই না।

বিশ্বকাপের জন্য মেসি গা বাঁচিয়ে খেলছেন—এমন সমালোচনার মুখেই স্প্যানিশ মিডিয়া গত মঙ্গলবারের অনুশীলনের এই ভিডিওটি প্রচার করেছে। যেখানে দেখা যাচ্ছে বার্সেলোনার অনুশীলন মাঠে মেসি হাই তুলছেন, চোখ কচলাচ্ছেন। অনুশীলনেও তাঁকে দেখাচ্ছে ভীষণ অনাগ্রহী। স্পেনের বেশ কয়েকটি টিভি চ্যানেলে বারবার দেখানো হয়েছে এই ভিডিও।

গ্রানাডার মাঠে হেরে আসার পর ফেরার পথে মেসিসহ বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড়কে ক্ষুব্ধ সমর্থকেরা হেনস্তাও করেছিলেন। সমর্থকদের ক্ষোভ ক্লাবের নীতিনির্ধারকদের ওপরও। বার্সা সভাপতি এরই মধ্যে সরে যেতে বাধ্য হয়েছেন। সর্বশেষ ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার পর সরে যাওয়ার প্রস্তাব দিয়েছেন ক্লাবের ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেত্তাও। মাঠে-মাঠের বাইরে টালমাটাল বার্সা। টালমাটাল যেন মেসিও।

এমনিতে মৌসুমে মেসির রেকর্ড কিন্তু খারাপ নয়। চোটের কারণে দীর্ঘ দুই মাস মাঠের বাইরে থাকলেও ৪১ ম্যাচে ৩৮ গোল করেছেন। দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোও তাঁর চেয়ে মাত্র সাতটি গোল বেশি করেছেন। কিন্তু মেসি যে এক ধরনের ক্লান্তিজনিত অবসাদে ভুগছেন, সেটা স্পষ্ট।

প্রসঙ্গটি তুলে ধরেছেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী কোচ সিজারে মেনত্তি। মেসি ইচ্ছা করেই গা বাঁচিয়ে খেলছেন, এমন সমালোচনা উড়িয়ে দিয়ে মেনত্তি বলেছেন, সমস্যা অন্যখানে। অভিজ্ঞ এই ফুটবল ব্যক্তিত্ব বলেছেন, ‘বাজে খেলার হতাশার ঘোর থেকে দ্রুতই বেরিয়ে আসতে হবে মেসিকে, বার্সেলোনার মতো ক্লাবের হয়ে খেলার আনন্দ, গর্ব আর তীব্র ভালোবাসা ফিরিয়ে আনতে হবে। আমি বিশ্বাস করি না, ও বিশ্বকাপের জন্য নিজেকে বাঁচিয়ে রাখছে। আমার মনে হচ্ছে ওর ভাবনা পরিষ্কার নয়। আসন্ন বিশ্বকাপের সঙ্গে ওর ফর্মের কোনো সম্পর্ক নেই।’

মেসিকে বিশ্রামের পরামর্শও দিয়েছেন তিনি, ‘যতটা না শারীরিক, তার চেয়ে বেশি মানসিক অবসাদে ভুগছে সে। আসলে যখন এত এত ম্যাচ খেলতে হয়, মাঠের বাইরের এত এত প্রতিশ্রুতি রক্ষা করতে হয়, এটাই স্বাভাবিক। কয়েক দিনের বিশ্রাম পেলে ও হয়তো নিজের ভাবনাটা পরিষ্কার করে নিতে পারবে। নিজেকে আবারও বিশ্বসেরা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে।’

মেসির হাই তোলার সেই ভিডিওটি দেখুন: