মেসির হৃদয়ে গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর আট বছরের ক্যারিয়ারকে সমান দুই ভাগে ভাগ করা যায়—গার্দিওলা-পূর্ব চার বছর আর গার্দিওলার চার বছর। আগের চার মৌসুম মিলে ১১০ ম্যাচে লিওনেল মেসি গোল করেছিলেন ৪২টি। আর গার্দিওলার সময়ের চার মৌসুমে? ২১৭ ম্যাচে ২১০টি!গার্দিওলার অধীনে প্রথম তিন মৌসুমেই ফিফা বর্ষসেরা হয়েছেন। চতুর্থ মৌসুমে দলগত সাফল্যে ভাস্বর না হলেও এটাই মেসির সেরা ব্যক্তিগত মৌসুম। ৫৮ ম্যাচে করেছেন ৭২ গোল। টানা চতুর্থবার ফিফা বর্ষসেরা হলেও বিস্ময়ের কিছু থাকবে না। অথচ গার্দিওলা বিদায়ের ঘোষণা দেওয়ার পর ছড়িয়ে পড়ল, মেসির সঙ্গে নাকি তাঁর খুব ঝামেলা চলছিল। গার্দিওলা আগেই এটি উড়িয়ে দিয়েছেন। ন্যু ক্যাম্পে গার্দিওলার বিদায়ী ম্যাচে চার গোল করে, চতুর্থ গোলের পর কোচের আলিঙ্গনে বেঁধে খবরটাকে মিথ্যা প্রমাণ করেছেন মেসিও। এরপর মুখে আর কিছু বলার দরকার ছিল না। তার পরও বার্সেলোনার আর্জেন্টাইন তারকা বলছেন, ‘পেপকে আমি আজীবন সম্মান করে যাব। তিনি চিরকাল আমার হূদয়ে থাকবেন।’তাঁর ক্যারিয়ারে গার্দিওলার অবদানের কথাও কৃতজ্ঞতাভরে স্বীকার করেছেন মেসি, ‘আমার ক্যারিয়ারে তিনি ছিলেন অনেক, অনেক গুরুত্বপূর্ণ। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ, গোলের পর গোল করে আমি তাঁকে খুশি করেছি।’ গার্দিওলাকে জড়িয়ে ধরা একটা ছবি টুইটারে পোস্ট করে মেসি মন্তব্য করেছেন, ‘গত কয়েক বছরে তাঁর সঙ্গে অজস্র মুহূর্ত ভাগাভাগি করাটা ছিল বিরাট আত্মতৃপ্তির।’এমন প্রিয় এক শিষ্য, প্রিয় দলকে ছেড়ে গার্দিওলা কেন চলে যাচ্ছেন, তা এখনো কোনো কোনো বার্সা সমর্থকের কাছে প্রশ্নের তির হয়ে বিঁধে আছে বুকে। গার্দিওলা আগেই জানিয়েছিলেন, কারণটা ক্লান্তি। এবার তাঁর বাবা ভ্যালেন্তি গার্দিওলাও নিশ্চিত করলেন, ‘পেপ আসলেই একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। খেটেছেও অনেক। দিনের ২৪ ঘণ্টাতেই ও ফুটবল নিয়ে মাথা ঘামাত, সব সময় সমর্থক, ক্লাবের মানুষকে নিয়ে ভাবত। এটা ওর জন্য ছিল বিরাট এক দায়িত্ব।’ কাতালুনিয়া রেডিওকে ভ্যালেন্তি ছেলের ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন, ‘জানি না, এরপর ও কী করবে। তবে যে দলের সঙ্গেই ও কাজ করুক, সমান দায়বদ্ধতা নিয়েই করবে, আমি নিশ্চিত।’এদিকে গার্দিওলার মা দোর্লোস ন্যু ক্যাম্পের প্রায় এক লাখ মানুষের সামনে ছেলের বিদায় সংবর্ধনা দেখে আবেগাপ্লুত, ‘ওর বিদায় সংবর্ধনা ছিল খুব সুন্দর, হূদয়ছোঁয়া।’ ওয়েবসাইট।