বার্সেলোনার হয়ে আগের মৌসুমের শেষ ম্যাচে করেছিলেন জোড়া গোল। ৪৭ গোলের ওই মৌসুমের পর লিওনেল মেসি নতুন মৌসুমে গোলের খাতাই খুললেন হ্যাটট্রিক দিয়ে, পরশু স্প্যানিশ সুপার কাপে। বিশ্বকাপে শত চেষ্টাতেও গোলের দেখা পাননি। অথচ ক্লাবের হয়ে এটি এ বছর তাঁর তৃতীয় হ্যাটট্রিক! গত মার্চে লিগে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ভ্যালেন্সিয়া ও জারাগোজার বিপক্ষে। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি। ক্লাব ফুটবলে এই আর্জেন্টাইনের উত্থান হয়েছিল হ্যাটট্রিক দিয়েই। ২০০৬-০৭ মৌসুমে লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করার পরই প্রথম একাদশে জায়গা পাকা হয় তাঁর। যেটি ‘এল ক্লাসিকো’তে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড। পেশাদার ক্যারিয়ারে মোট পাঁচটি হ্যাটট্রিক করেছেন এই ২৩ বছর বয়সী। চারটির হিসাব ওপরেই পেলেন। অন্যটি ২০০৯ সালে কোপা ডেল রেতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।