মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার সহজ জয়
আর্জেন্টিনার জার্সি গায়ে খারাপ পারফরমেন্সের বদনামটা ঘোচানোর বেশ ভালো একটা ইঙ্গিতই পাওয়া গেল লিওনেল মেসির কাছ থেকে। গতকাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেই সমালোচকদের জবাব দিয়েছেন ফিফার এই বর্ষসেরা ফুটবলার। তাঁর হ্যাটট্রিকে আর্জেন্টিনাও পেয়েছে ৩-১ গোলের সহজ জয়।আর্জেন্টাইন আক্রমণভাগে সার্জিও অ্যাগুয়েরোর সঙ্গে জুটি বেঁধে মনোমুগ্ধকর পারফরমেন্সই উপহার দিয়েছেন মেসি। শুরু থেকেই ক্ষুরধার আক্রমণ দিয়ে সুইস রক্ষণ ভাগকে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ১৯ মিনিটের মাথায় অ্যাগুয়েরোর পাস থেকে তিনি আর্জেন্টিনাকে এনে দেন প্রথম গোলটি। এরপর আরও কয়েকবার সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল পায়নি সফরকারীরা। বরং দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনার জালে বল জড়িয়ে খেলায় সমতা ফেরান সুইস মিডফিল্ডার জের্ডান শাকিরি। তবে শেষপর্যন্ত মেসি জাদুতে জয় পেতে কোন সমস্যাই হয়নি আর্জেন্টিনার। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন মেসি। আর একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আরেকটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিকও। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।মেসির দুর্দান্ত পারফরমেন্সের উচ্চকিত প্রশংসা করেছেন প্রতিপক্ষ সুইজারল্যান্ডের কোচ অটোমার হিটজফেল্ড। ম্যাচ শেষে এই জার্মান কোচ সাংবাদিকদের বলেছেন, ‘মেসিকে খেলতে দেখাটা খুবই অসাধারণ ব্যাপার। সে আরও একবার দেখিয়ে দিল যে, সে-ই বিশ্বের সেরা ফুটবলার।’ রয়টার্স