মেসির হ্যাটট্রিক, বার্সেলোনার বড় জয়
সেভিয়ার বিপক্ষে আকস্মিকভাবে ড্র করার পর আবার জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। গ্রানাডার বিপক্ষে ১-০ গোলের জয়ের পর গতকাল মেসির হ্যাটট্রিকে মালোর্কাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালানরা। এই ম্যাচের পর ১৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে চলে এসেছেন মেসি।ন্যু ক্যাম্পে গতকাল বেশির ভাগ সময়ই বল ছিল বার্সেলোনার দখলে। প্রথমার্ধের ১৩ মিনিটেই পেনাল্টি বক্সের ভেতর হ্যান্ডবলের বদৌলতে পেনাল্টি পেয়ে যায় বার্সা। এবার আর জালে বল পাঠাতে কোনো ভুল করেননি মেসি। ৮ মিনিট পর দানি আলভেজের পাস থেকে বার্সেলোনাকে দ্বিতীয় গোলটি এনে দেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। হ্যাটট্রিক পূরণ করতেও খুব বেশি দেরি করেননি মেসি। ৩০ মিনিটের মাথায় আবারও দানি আলভেজের চমত্কার একটি ক্রস থেকে মালোর্কার জালে বল জড়িয়ে দেন ফিফার এই বর্ষসেরা ফুটবলার। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোল করে নিজের সক্ষমতা প্রমাণ করেন তরুণ বার্সা স্ট্রাইকার আইজ্যাক কুয়েনকা। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে নিজেই গোল করেন মেসিকে গোলের বল জোগান দেওয়া দানি আলভেজ। নিজের গোলটা অবশ্য তিনি করেছেন লিওনেল মেসির পাস থেকেই। রয়টার্স।