মেসির হ্যাটট্রিকে শেষ ষোলোয় বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগার গত ম্যাচে হ্যাটট্রিক করেই নিজের তিন ম্যাচের গোল-খরা কাটিয়েছিলেন লিওনেল মেসি। সমালোচনার জবাবটাও দিয়েছিলেন ভালোভাবেই। এবার চ্যাম্পিয়নস লিগের খেলাতেও হ্যাটট্রিক করে নিজের সক্ষমতাটাও বুঝিয়ে দিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তাঁর হ্যাটট্রিকে ভিক্টোরিয়া প্লাজানকে ৪-০ গোলে হারিয়ে প্রথম পর্বের বাধা অনায়াসে পেরিয়ে গেল বার্সেলোনা। শেষ ষোলো নিশ্চিত করে ফেলল গ্রুপ পর্বের আরও দুই ম্যাচ বাকি থাকতেই। বার্সেলোনার সঙ্গে সঙ্গে পরবর্তী রাউন্ডে পা রেখেছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানও। গতকাল বেলারুসের ক্লাব বেট বোরিসোভের সঙ্গে ১-১ গোলে ড্র করে অঘটনের শিকার হলেও দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়ে গেছে ইতালিয়ান লিগ শিরোপাজয়ীরা। তার মানে গ্রুপ পর্বে এসি মিলান-বার্সেলোনার লড়াইটা শুধু নিয়ম রক্ষার লড়াই-ই হতে চলেছে।বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেজকে গতকাল বেশির ভাগ সময় অলস দাঁড়িয়েই থাকতে হয়েছে। কারণ, উল্লেখ করার মতো তেমন কোনো আক্রমণ বার্সা রক্ষণ ভাগে চালাতে পারেনি বোরিসোভের স্ট্রাইকাররা। উল্টো প্রথমার্ধের ২১ মিনিটের মাথায় তাঁরা পরিণত হয় ১০ জনের দলে। পেনাল্টি বক্সের ভেতরে মেসিকে বাজেভাবে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার মারিয়ান চিসোভোস্কি। পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন মেসি। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আদ্রিয়ানোর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে বার্সেলোনাকে তৃতীয় গোলটি এনে দেন সেস ফেব্রিগাস। আর শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। রয়টার্স।