মেসির ২৫৪ কোটি টাকার আক্কেল সেলামি

মাঠের বাইরের ড্রিবলিংটাও বেশ ভালোমতোই চালিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। স্পেনের আয়কর বিভাগের সঙ্গে আইনি লড়াইয়েও সুবিধাজনক অবস্থানে আসতে পেরেছেন আর্জেন্টাইন তারকা। তবে এর জন্য তাঁকে খরচ করতে হচ্ছে বিপুল পরিমাণ টাকা। কর ফাঁকির মামলায় আদালতের ঝক্কিঝামেলা এড়ানোর জন্য দ্বিতীয় দফায় আরও ১৫২ কোটি ২২ লাখ টাকা দিতে যাচ্ছেন মেসি।
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছবি-স্বত্ব থেকে যে অর্থ আয় করেছেন, সেটার ওপরেই মেসি কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ তুলেছিল স্পেনের আয়কর বিভাগ। এ ধরনের ভুল ভবিষ্যতে যেন আর না হয়, সে জন্য কয়েক দিন আগেই ২০১০ ও ২০১১ সালের দেওয়া আয়কর রিটার্নের হিসাব সংশোধন করে ১০২ কোটি ২৯ লাখ টাকা কর দিয়েছেন স্পেনের আয়কর বিভাগকে। কিন্তু তার পরও মাথার ওপর মামলার বোঝাটা তো থেকেই গিয়েছিল। আদালতের সমন অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার কথা মেসি ও তাঁর বাবার। সেই ঝামেলাটাও যেন এড়াতে পারেন, সে জন্যই নতুন করে ১৫২ কোটি টাকা তুলে দিচ্ছেন স্পেনের আয়কর বিভাগের হাতে। এখন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটা প্রত্যাহার করে নেওয়া হবে বলেই অনুমান করছে স্প্যানিশ গণমাধ্যম।
এই মাসে সব মিলিয়ে মেসির পকেট থেকে বেরিয়ে গেল ২৫৪ কোটি টাকা। চোখ মাথায় উঠে যাওয়ার মতো অঙ্ক হলেও মেসির জন্য পরিমাণটা খুব একটা বেশি নয়। চারবারের ফিফা বর্ষসেরার পুরস্কারজয়ী ফুটবলার ছিলেন ‘ফোর্বস’-এর ধনী খেলোয়াড়দের তালিকার ১০ নম্বরে। বেতন ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে তাঁর বার্ষিক আয় ৩২১ কোটি ৬৪ লাখ টাকা। তবে এক বছরের আয়ের সিংহভাগটাই আক্কেল সেলামি গুনতেই চলে যাচ্ছে তাঁর।