মেসির ৩ গোল, বার্সার ৭

এক গোলে হার। তাও আবার একেবারে নিচের সারির ক্লাব রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে। ক’দিন আগে লিগে এই হতাশাজনক ফলাফলের পর তীব্র সমালোচনার মুখেই পড়েছিল বার্সেলোনা। তবে গেল সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে স্বরূপে ফিরেছিল বার্সা। সে ছন্দ ধরে রাখতেই লিওনেল মেসির হ্যাটট্রিকে ন্যু ক্যাম্পে আজ ওসাসুনা উড়ে গেল ৭-০ ব্যবধানে।
১৮, ৬৩ ও ৮৮ মিনিট—ওসাসুনার বুকে গুনে গুনে তিনবার ‘শেল’ মারলেন মেসি। এ হ্যাটট্রিক যেন পাওনাই ছিল আর্জেন্টিনা অধিনায়কের। জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে একেবারেই নিষ্প্রভ ছিলেন। ভ্যালাদোলিদের বিপক্ষে বার্সেলোনার শেষ ম্যাচেও জ্বলে উঠতে পারেননি সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। আজ হ্যাটট্রিক করে গত ক’দিনের সব জ্বালার শোধ তুললেন ভালোভাবেই ।
মেসির দিনে জ্বলে উঠলেন দলের অন্য সেনানীরাও। ২২ মিনিটে অ্যালেক্সিস সানচেজ, ৩৪ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা, ৭৮ মিনিটে ক্রিস্টিয়ান তেয়ো এবং ম্যাচের অন্তিম মুহূর্তে মেসির সহায়তায় গোল করলেন পেদ্রোও। চূড়ান্ত স্কোর লাইন—বার্সা ৭: ০ ওসাসুনা। এ জয়ে ২৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বার্সার অবস্থান তিনেই। তবে পয়েন্ট ব্যবধান কমেছে। সমান সংখ্যক ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৭০, অ্যাটলেটিকোর ৬৭ ও বার্সার ৬৬।
২৩ মার্চ বার্নাব্যুতে বহু কাঙ্ক্ষিত বার্সা-রিয়ালের ‘এল ক্লাসিকো’। ধ্রুপদি লড়াইয়ের আগে এ জয়ে আত্মবিশ্বাস তুঙ্গেই থাকবে বার্সার। আর এল ক্লাসিকোর জয়-পরাজয়ের ওপর অনেকটা নির্ভর করছে লিগে পরবর্তীতে কাদের দাপট বজায় থাকবে।