মেসির ‘পঞ্চাশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফটি হলে ব্যাট উঁচিয়ে দর্শক অভিনন্দনের জবাব দেওয়াটা ক্রিকেটীয় কেতা। ফুটবলে? না, সে রকম কোনো ব্যবস্থা নেই। আর তাই পেনাল্টি থেকে গোল করেই লিওনেল মেসি সেটির উদ্যাপন করলেন অন্যসব গোলের মতোই। বরং পেনাল্টি থেকেই গোলটা এসেছে বলে হয়তো উচ্ছ্বাসের মাত্রাটা কম হলো। তবে এই গোলটির দাবি ছিল একটু অন্য রকম উদ্যাপন। এটি যে তাঁর ৫০তম গোল!এ নিয়ে টানা দুই মৌসুম বার্সেলোনার জার্সি গায়ে ৫০টি গোল করলেন এই আর্জেন্টাইন জাদুকর। পরশু তাঁর দুই গোলেই রেসিং সান্তান্দারকে ২-০-তে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান ১০ পয়েন্টেই ধরে রাখল বার্সা। লিগের আর ১২ ম্যাচ বাকি। শিরোপা ধরে রাখতে হলে পেপ গার্দিওলাকে তাই প্রার্থনা করতে হবে আগামী কয়েক ম্যাচেই যেন পা হড়কায় রিয়াল।ব্যবধান ২-০ হলেও পরশু বার্সার জয়টাকে অনায়াসই বলতে হবে। কারণ ম্যাচটা আরও বড় ব্যবধানে জিততে পারত। ইনিয়েস্তা ও কুয়েঙ্কার শট লেগেছে পোস্টে, দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন সান্তান্দারের গোলরক্ষক মারিও ফার্নান্দেজ। যদিও অবনমন অঞ্চলে থাকা রেসিং শুরু থেকেই অতিরক্ষণাত্মক খেলেছে বলে গোলমুখ খুলতে সমস্যাই হচ্ছিল। তা ছাড়া মাঠের অবস্থাও ভালো ছিল না। বিশেষ করে বার্সার পাসিং ফুটবলের জন্য যে রকম মসৃণ মাঠ দরকার, সে রকম তো নয়ই। ম্যাচ শেষে সে কথাই বলেছেন গার্দিওলা, ‘আমার অনেক চেষ্টাই করতে হয়েছে। বল বিচরণের পক্ষে মাঠের অবস্থা ভালো ছিল না। তার পরও আমরা ভালোই করেছি। ওরা রক্ষণ নয়জন খেলোয়াড় নিয়ে খেলেছে। এতেও আমাদের কাজটা কঠিন হয়েছে।’বার্সা-রিয়ালের দলীয় ব্যবধানের মতো রোনালদো-মেসির ব্যক্তিগত দ্বৈরথটাও থাকল একই জায়গায়। গত ম্যাচে ২ গোল করে লিগে নিজের গোলসংখ্যা ৩২-এ নিয়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৯ মিনিটে লিগে নিজের ২৯তম আর ৫৬ মিনিটে পেনাল্টি থেকে ৩০তম গোলটি করেন মেসি। মৌসুমে নিজের সর্বোচ্চ গোলের রেকর্ডটা পেরিয়ে যেতে আর মাত্র ৩টি গোল দরকার। বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতেও আর মাত্র ৬টি গোল চাই। ১৯৪২ থেকে ১৯৫৫ পর্যন্ত বার্সার হয়ে খেলা সিজার রদ্রিগেজের গোল ২৩৫টি। মেসির ২৩০।মাত্র ২৪ বছর বয়সেই এই অর্জনের সামনে দাঁড়িয়ে। মেসির শৈশবের বন্ধু সেস ফ্যাব্রিগাস তাই বলছেন, ‘বাকি বিশ্বের আর সব খেলোয়াড়ের চেয়ে ও আলাদা। ওর সঙ্গে খেলাটাই অন্য রকম তৃপ্তির। ওর উপস্থিতি বাড়তি আত্মবিশ্বাস এনে দেয়, সেরা দলগুলোর জন্য যেটা খুবই জরুরি।’ রয়টার্স।মেসির পঞ্চাশ লা লিগা : ৩০টি চ্যাম্পিয়নস লিগ : ১২টি ফিফা ক্লাব বিশ্বকাপ : ২টি উয়েফা সুপার কাপ : ১টি স্প্যানিশ কাপ : ২টি স্প্যানিশ সুপার কাপ : ৩টি