মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক
আবারও হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ২০১১-১২ মৌসুমে এই নিয়ে সাতটি হ্যাটট্রিক হয়ে গেল আর্জেন্টাইন তারকার। তবে পরশুর কীর্তির সঙ্গে জড়িয়ে ছিল অন্য রকম এক আবেগ। আর্জেন্টিনার জার্সি গায়ে এটা যে তাঁর প্রথম হ্যাটট্রিক। বার্সেলোনার হয়ে একের পর এক হ্যাটট্রিক করলেও আন্তর্জাতিক ম্যাচে নিজের প্রথম হ্যাটট্রিকটি পেতে ৬৭ ম্যাচ খেলতে হয়েছে টানা তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে। সময়ের হিসাবে তাঁর ৬ বছর ৬ মাস ১২ দিনের অপেক্ষা ঘুচল বার্নের স্টাডে ডি সুইসে।পরশু মেসির তিন গোলেই স্বাগতিক সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে অসাধারণ এক গোলের পর ম্যাচের একবারে শেষ মুহূর্তে আরও দুটি গোল। ম্যাচের ১৯ মিনিটে করা গোলটি ছিল সার্জিও আগুয়েরোর সঙ্গে চমৎকার বোঝাপড়ার ফসল। আলেসান্দ্রো সাবেলার অধীনে ইউরোপে প্রথম ম্যাচে প্রধমার্ধে এই এক গোলেই এগিয়ে ছিল আর্জেন্টিনা।দ্বিতীয়ার্ধের শুরুতেই সুইজারল্যান্ডকে সমতায় ফেরান শেরডান শাকিরি। কিন্তু খেলা শেষের তিন মিনিট আগে সুইস রক্ষণভাগের ভুলে মেসি পেয়ে যান তাঁর দ্বিতীয় গোল। এই গোলেও ছিল আগুয়েরোর অবদান। আর একবারে শেষ মুহূর্তে (অতিরিক্ত সময়ে) পেনাল্টি বক্সে গঞ্জালো হিগুয়েইনকে ফাউল করার শাস্তি পায় সুইজারল্যান্ড। পেনাল্টি থেকে গোল করে প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিকটি পেয়ে যান মেসি। ৬৭ ম্যাচে আকাশি-সাদা জার্সি গায়ে মেসির গোল এখন ২২টি। বার্সেলোনার মেসি থেকে আর্জেন্টিনার মেসি হয়ে ওঠার ইঙ্গিত যেমন ছিল এই ম্যাচে, তেমনি ছিল আগুয়েরোর সঙ্গে ভয়ংকর এক জুটি গড়ে ওঠার আভাসও। আগুয়েরোর সঙ্গে তাঁর জুটির প্রশংসা ম্যাচ শেষে নিজ মুখেই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক, ‘মাঠ ও মাঠের বাইরে আমাদের জুটিটা দারুণ হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা একটা ভালো দল হিসেবে গড়ে উঠছি। আর গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে হলে এ রকম দলই দরকার।’এই প্রথম দেশের হয়ে তিন গোল করতে পেরে দারুণ খুশি মেসি, ‘আমি এমন অনেক ম্যাচ খেলেছি যেখানে কোনো গোলই করতে পারিনি, তবে আমি জানতাম, এটা আসবেই।’মেসির খেলায় মুগ্ধ সুইজারল্যান্ডের কোচ ওটমার হিজফেল্ডও। বরাবরের গোমড়ামুখো হিজফেল্ড মুখে হাসি ফুটিয়েই বলেছেন মেসির কথা, ‘তাকে খেলতে দেখাটাই আবেগময় অভিজ্ঞতা, তার গতি আর ক্ষিপ্রতা বিস্ময়কর। সে আবারও দেখিয়েছে সে-ই বিশ্বসেরা।’এই মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৩ গোল করা মেসির প্রশংসা ঝরেছে আর্জেন্টিনার কোচ সাবেলার কণ্ঠেও, ‘মেসিকে দলে পাওয়াটা আমাদের জন্য আশীর্বাদ।’ রয়টার্স।