মেসিরও সমালোচক আছে: রোনালদো
ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচে একেবারেই খুঁজে পাওয়া যায়নি এ সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। এর ফলে অনেক সমালোচনার তীরেও বিদ্ধ হতে হয়েছে এই পর্তুগিজ স্ট্রাইকারকে। তবে তারপর চমত্কারভাবেই ঘুরে দাঁড়িয়েছেন রোনালদো। পর্তুগালের সেমিফাইনালে ওঠার পেছনেও রেখেছেন বিশাল অবদান। কথায় নয়, মাঠের পারফরমেন্স দিয়েই যে সমালোচনার জবাব দিতে হয়, সেটাই যেন সবাইকে দেখিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। আর মনে করিয়ে দিলেন যে টানা তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ী মেসিকেও অনেক সমালোচনা সহ্য করতে হয়।গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুইটি গোল করার পর শেষ আটের লড়াইয়ে চেক রিপাবলিকের বিপক্ষেও গোল করেছেন রোনালদো। পর্তুগালও চলে এসেছে শেষ চারের লড়াইয়ে। এখন রোনালদোর ফুটবল দক্ষতার ওপর ভর করেই ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পর্তুগিজ শিবির। এ রকম দুর্দান্তভাবে খেলায় ফেরা রোনালদো সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, ‘কেউ যত বড় তারকা হবে, তার ওপর প্রত্যাশা সব সময়ই তত বেশি থাকে। এমনকি মেসিরও সমালোচক আছে। আপনি সবাইকেই খুশি করতে পারবেন না। তবে আমি সমালোচনার ফলে হতাশ হয়নি বা রাগ করিনি। আমি এটাকে পেশাগত ফুটবলের অংশ বলেই মনে করি। আমি সমালোচনাকে খুব বেশি গুরুত্বও দিই না। শুধু মাঠে গিয়ে আমার সেরা খেলাটা খেলার চেষ্টা করি।’এখন পর্যন্ত এবারের সম্ভাব্য ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে স্পেন ও জার্মানিকে। কিন্তু রোনালদো যেভাবে খেলতে শুরু করেছেন তাতে, পর্তুগালের সম্ভাবনা অগ্রাহ্য করাটাও কঠিনই হয়ে পড়েছে। ২৮ জুন ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে জার্মানি ও পর্তুগাল। —ইএসপিএন