
বেশি দূরে নয়, মাস দুয়েক পেছনে ফেরা যাক।
নভেম্বর ১৫। ফিফা-ব্যালন ডি’অরে ভোট দেওয়ার শেষ সময়। মেসি, রোনালদো, রিবেরি—তিনজনের নামই তখন শোনা যাচ্ছিল জোরেশোরে। ঠিক চার দিন পর রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে করলেন অসাধারণ এক হ্যাটট্রিক। বলতে গেলে একাই পর্তুগালকে নিয়ে গেলেন বিশ্বকাপে।
এক দিন পর সবাইকে চমকে দিল ফিফা। জানাল উল্লেখযোগ্য ভোট না পড়ায় ভোট দেওয়ার সময়সীমা বাড়ানো হলো ২৯ নভেম্বর পর্যন্ত। তার মানে রোনালদোর হ্যাটট্রিকটা চাইলে বিবেচনায় নেওয়া যাবে। কিন্তু সত্যিই কি ভোট কম পড়েছিল? নাকি রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সকে সম্মান জানাতেই সময়টা বাড়িয়েছিল ফিফা?
উত্তরটা এখনো অজানাই। তবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর সেটা জানার আগ্রহ খুব একটা থাকবে না। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রাঙ্ক রিবেরি—এই তিনের কে ব্যালন ডি’অর জিতবেন, সেটা তো আজই জানা যাবে!
এই পুরস্কার নিয়ে সাধারণ্যে যত মাতামাতি, আর কোনো ব্যক্তিগত পুরস্কার নিয়ে এর সিকিভাগও হয় না। এ বছর শোরগোলটা কিছুটা বেশিই। কারণটা স্বাভাবিক। ফিফা-ব্যালন ডি’অরকে বলতে গেলে একরকম নিজের করে নিয়েছেন মেসি। গত চারবার এটা জিতেছেন এবং ২০১০ ছাড়া মেসির পাওয়া নিয়ে খুব একটা উচ্চবাচ্য কখনোই হয়নি। গতবার তো এতটাই নিশ্চিত ছিল মেসির জয় যে রোনালদো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই যাননি। কিন্তু পরিস্থিতি এবার ঘুরে গেছে। রোনালদো নিজে যাচ্ছেন, তাঁর পুরো পরিবারই এই প্রথম সঙ্গী হচ্ছে। সবকিছুই কি ইঙ্গিত দিচ্ছে চার বছর পর পালাবদলের?
ব্যক্তিগত অর্জনে ২০১৩ সাল যে রোনালদোর, পরিসংখ্যানই সেটির প্রমাণ। ৫৬ ম্যাচে রোনালদোর গোল ৬৬টি, মেসির চেয়ে ২৪টি বেশি, রিবেরির তিন গুণ। গোলের খেলা ফুটবল, আর সেটা রোনালদোর চেয়ে গত বছর আর কেউই ভালোভাবে করেননি!
কিন্তু তার পরও কথা থাকে। সামগ্রিক অর্জন বিচারে মেসি-রিবেরির চেয়ে রোনালদো তো পিছিয়েই। গত বছর শিরোপা পঞ্চকজয়ী বায়ার্ন মিউনিখের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিবেরি। শুধু পরিসংখ্যান দিয়ে রিবেরির খেলা বোঝা যাবে না। আর সাংবাদিকদের ভোটে গত জুনে ইউরোপ-সেরা ফুটবলার হয়েছেন বায়ার্ন উইঙ্গারই!
মেসিকেও উপেক্ষা করা যাচ্ছে না। এই পুরস্কারের জন্য বিবেচ্য সময়ের মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন হ্যাটট্রিক, টানা ১৯ লিগ ম্যাচে গোলের রেকর্ড করেছেন। বার্সাকে জিতিয়েছেন লা লিগা।
তবে এসবই শুধু পূর্বানুমান। যাঁরা ভোট দেবেন সেই অধিনায়ক, কোচ, সাংবাদিকেরা নিজেদের কাজটা আগেই সেরে রেখেছেন। আর তাঁরা যে শুধু পরিসংখ্যান দেখে ভোট দেবেন এটা ভাবা ভুল। নিজের প্রিয় খেলোয়াড়কে ভোট দিতে কে আর পরিসংখ্যানকে শিরোধার্য করে!
২০১৩ সালে ব্যালন ডি’অরের প্রতিদ্বন্দ্বীরা
ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসি ফ্রাঙ্ক রিবেরি
ম্যাচ ৫৬ ৪৫ ৫২
গোল ৬৬ ৪২ ২২
অ্যাসিস্ট ১৫ ১৫ ১৮
গোলে শট ১৬০ ৮৭ ৫৬
সুযোগ সৃষ্টি ৯৪ ৭০ ১৪৯
মোট পাস ১৯০১ ২১৩৬ ২৯০৩
জয় ৪০ ২৬ ৪৫
ড্র ১০ ১৪ ৪
হার ৬ ৫ ৩
* ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলা সব ম্যাচের পরিসংখ্যান