মেসিহীন বার্সার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি যে বার্সেলোনার রক্তের লোহিত কণিকা, যার অভাবে বার্সেলোনা বড্ড ফ্যাকাশে। মেসিবিহীন বার্সার তাই ঘাম ছুটে গেল পুঁচকে স্পোর্টিং গিজনকে হারাতে। ত্রাতা হয়ে এলেন ডেভিড ভিয়া। ৪৯ মিনিটে তাঁর একমাত্র গোলটি শেষ পর্যন্ত তিন পয়েন্ট এনে দিয়েছে দলকে। ন্যু ক্যাম্পে লিগে প্রথম জয় নিয়ে বার্সা পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে গেছে।ইতালিয়ান লিগে এসি মিলান ১-১ গোলে ড্র করেছে লাৎসিওর বিপক্ষে। ৬৬ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে গিয়েছিল মিলান। কিন্তু ৮১ মিনিটে লাৎসিও গোল শোধ করে দিলে ৩ পয়েন্ট নিয়ে ফেরা হয়নি রবিনহো-রোনালদিনহোদের। ইন্টার কিন্তু পরশু বারিকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। গোলের দেখা পেয়েছেন ডিয়েগো মিলিতো। গোল-খরা কাটিয়েছেন জোড়া গোল করে। দুটি গোল করেছেন ইতোও। দুটিই পেনাল্টি থেকে। এই জয় ইন্টারকে তুলে এনেছে শীর্ষে।স্প্যানিশ লিগে শীর্ষে থেকে গেছে রিয়াল মাদ্রিদই। পরশু ভ্যালেন্সিয়ার সামনে সুযোগ এসেছিল রিয়ালকে দুইয়ে ঠেলে দিতে। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করায় রিয়ালের সমান ১০ পয়েন্ট তাদের। গোল ব্যবধানে এগিয়ে আছে রিয়াল। তাও ভ্যালেন্সিয়ার ভাগ্য, এই ম্যাচে একটা পয়েন্ট তারা পেয়েছে। অ্যাটলেটিকোর সিমাও ১৯ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন। সেই গোল শোধ করতে ভ্যালেন্সিয়াকে অপেক্ষা করতে হয়েছে ৮৩ মিনিট পর্যন্ত। অবশ্য অ্যাটলেটিকোর ১৯ বছর বয়সী গোলরক্ষক ডেভিড ডি গিয়া দুর্দান্ত কিছু সেভ না করলে ভ্যালেন্সিয়া তিনটি পয়েন্টই পেত।লিগের আগের তিন ম্যাচে দুর্দান্ত খেলা ভ্যালেন্সিয়া এই প্রথম ভিয়ার অনুপস্থিতি টের পেল। এই মৌসুমেই ভ্যালেন্সিয়া থেকে ৪ কোটি ইউরোয় বার্সায় নাম লেখান এই ২৮ বছর বয়সী স্ট্রাইকার। কাল ডি গিয়ার বাধার দেয়াল ভাঙার জন্য দরকার ছিল ভিয়ার মতো কাউকে।ভিয়া অবশ্য বার্সার হয়ে ঠিকই দেয়াল ভেঙেছেন। তাঁর প্রথম ক্লাব স্পোর্টিং গিজনকে বঞ্চিত করেছেন ন্যু ক্যাম্প থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরার তৃপ্তি থেকে। প্রথমার্ধে অবশ্য ন্যু ক্যাম্পের উৎসবটা স্লানই করে দিয়েছিল কখনোই বড় কোনো শিরোপা না জেতা ক্লাবটি। অবশেষে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে প্রথম গোল এনে দেন ভিয়া। ম্যাচে সিংহভাগ বলের দখল (৭৮ শতাংশ) রেখে, প্রতিপক্ষের গোলে ৫টি শট নিয়েও ওই একমাত্র গোলেই জিতেছে বার্সা।ম্যাচের আগেই কোচ পেপ গার্দিওলা জানিয়ে দিয়েছিলেন, মেসির শূন্যতা পূরণ হওয়ার নয়। এই ম্যাচে মেসির অভাব তিনি অনুভব করবেন পলে পলে। গার্দিওলাকে অন্যরকম কোনো অনুভূতি এনে দিতে পারেননি বোজান কিরকিচ।ম্যাচ শেষে ভিয়া অবশ্য জানান, বার্সেলোনা একা মেসির কাঁধে সওয়ার একটা দল নয়, ‘অবশ্যই আমরা মেসিকে মিস করেছি। কিন্তু ওকে ছাড়াও আমাদের দলটা দুর্দান্ত। ওকে ছাড়াও আমরা পথ চলতে পারি।’ এএফপি, রয়টার্স।