মেসি-আগুয়েরোদের হোটেলে ম্যারাডোনা!
১৯৯০ বিশ্বকাপে এই জার্মানির কাছে হেরেই শিরোপাস্বপ্ন গুঁড়িয়ে গিয়েছিল আর্জেন্টিনার। ২৪ বছর পর আবার যখন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ সেই জার্মানিই। এমন একটা ম্যাচের আগে ডিয়েগো ম্যারাডোনার চেয়ে মেসিদের ভালো পরামর্শ আর কে দিতে পারবেন! মেসি-হিগুয়েইনদের জন্য আনন্দের সংবাদ, তাঁদের সঙ্গ দিতে আর্জেন্টিনা দলের হোটেলে যাবেন ম্যারাডোনা। মারাকানার ফাইনালের আগ পর্যন্ত আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী নায়ক মেসিদের সঙ্গেই থাকবেন বলে খবর। বিশ্বকাপের শুরু থেকেই ম্যারাডোনা ব্রাজিলে। তবে সাংবাদিকের ভূমিকায়। ভেনেজুয়েলার টেলিভিশন টেলিসুরের বিশ্বকাপ নিয়ে একটা অনুষ্ঠানের উপস্থাপনা করছেন ছিয়াশি বিশ্বকাপের নায়ক। আর্জেন্টিনা দলের হোটেলে যাচ্ছেন এই প্রথম। ম্যারাডোনার হোটেলে যাওয়ার খবরে মেসিরা নিশ্চয় খুব খুশি। তবে অন্য একটা কথাও কিন্তু উঠছে! গত ২১ জুন ইরানের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটি দেখতে মেয়েকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে গিয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু হাজার চেষ্টা করেও আর্জেন্টিনা গোল পাচ্ছিল না। অবশেষে ম্যারাডোনা চলে যাওয়ার পর ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে দলকে জয় এনে দেন মেসি। সঙ্গে সঙ্গেই ম্যারাডোনাকে খোঁচা মেরে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের টুইট, ‘ম্যারাডোনা আর্জেন্টিনা দলের জন্য কুফা। সে চলে যাওয়ার পরই দল জয় পেয়েছে।’ দেখা যাক সেই ‘কুফা’ ম্যারাডোনা এবার মেসিদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারেন কিনা। আইএএনএস।