মেসি-জাদু এবার পোর্তো আলেগ্রেতে?

শুল্ক কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ, বিশ্বকাপের বিশেষ নিরাপত্তা বাহিনী —কারও চোখে ঘুম নেই। নীল-সাদার ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছেন সবাই। বাসে, ট্রেনে, ব্যক্তিগত গাড়িতে, বিমানে—যে যেভাবে পারছেন, আর্জেন্টাইন সমর্থকেরা পোর্তো আলেগ্রেতে যাচ্ছেন। নীল-সাদা জার্সি পরা লোকগুলো যেন পুরো শহর দখল করে নিয়েছেন। দেখে বোঝার উপায় নেই এটা ব্রাজিলের শহর না আর্জেন্টিনার!
একটা কারণ অবশ্য আছে। বিশ্বকাপের যে কটা ভেন্যুতে মেসিরা খেলবেন, তার মধ্যে পোর্তো আলেগ্রেই আর্জেন্টিনা সীমান্তের সবচেয়ে কাছে। গুইয়াবা নদীর কোলঘেঁষা এ শহরের সংস্কৃতি, জীবনযাপনের ধরনের সঙ্গে সীমান্তের ওপারের দেশটির দারুণ মিল। রাজনৈতিক কিংবা ফুটবলীয় বৈরিতা যতই থাকুক, পোর্তো আলেগ্রের লোকজন সেটা খুব একটা গায়ে মাখেন না, আর সে কারণেই বেড়াতে গিয়ে আর্জেন্টাইনরা থাকেন বেশ স্বছন্দ। আর এবার তো আরও বড় উপলক্ষ। আজ এ শহরেরই এস্তাদিও বেইরা রিওতে আর্জেন্টিনা খেলবে নাইজেরিয়ার সঙ্গে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এরই মধ্যে ব্রাজিলের অন্যান্য শহর এবং সীমানা পেরিয়ে হাজার পঞ্চাশেক আর্জেন্টাইন সমর্থক পোর্তো আলেগ্রেতে ঠিকানা গেড়েছেন। ম্যাচ মাঠে গড়ানোর আগে এই সংখ্যাটা আরও অনেক বেড়ে যাবে সন্দেহ নেই। ধারণা করা হচ্ছে, এদের বেশির ভাগের কাছেই ম্যাচের টিকিট নেই। তাই কাজ বেড়ে গেছে নিরাপত্তাকর্মীদের।
এই দুশ্চিন্তা নিরাপত্তাকর্মীদের। কিন্তু সাধারণ ব্রাজিলিয়ানরা পোর্তো আলেগ্রেতে এই নীল-সাদার জোয়ার উপভোগ করছেন উৎসবের আমেজে। শহরেরই এক দোকানি চার্লস মুলার যেমন বললেন, ‘আমরা আর্জেন্টাইনদের উষ্ণ স্বাগত জানাই। আমাদের কাছে এটা উৎসবের মতো। ওদের সঙ্গে নিয়েই আমরা মেসির খেলা দেখব।’
বিস্ময়কর কি? সাবেলার দলের প্রথম দুটি ম্যাচ দেখার পর এখন পোর্তো আলেগ্রের দোকানিও বুঝতে পারছেন, খেলাটা এখন আর্জেন্টিনার নয়, মেসির হয়ে গেছে। আর্জেন্টিনার মোড়কে আজ নাইজেরিয়ার প্রতিপক্ষ আসলে মেসি!
না, এটা বলা যাবে না যে নিজের সেরা ছন্দে আছেন মেসি। দুটি ম্যাচেই দেখা গেছে দুই স্ট্রাইকারের পেছনে ‘অ্যাটাকিং হোল’-এ অধিকাংশ সময় দাঁড়িয়ে থাকছেন৷ বল পেলে স্বভাবসুলভ দৌড়াচ্ছেন৷ কিন্তু সেই দৌড় বার্সেলোনায় সেরা ফর্মের মেসির দৌড় হয়ে ওঠেনি এখনো। বরং অপেক্ষায় থাকছেন প্রতিপক্ষের মূহূর্তের ভুলের জন্য৷ সেই মুহূর্তটা এলেই খুলছেন নিজের জাদুর বাক্স। বেরিয়ে আসছে অলৌকিক গোল। মারাকানায় আর এস্তাদিও মিনেইরোতে ওই রকম দুই গোল করে মেসি প্রত্যাশার আকাশপ্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। পোর্তো আলেগ্রেতে তাই আজও মঞ্চ সাজানো থাকবে শুধু তাঁর জন্য।
এ ম্যাচে হারজিত নিয়ে হয়তো খুব একটা ভাবছেন না আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে আগেই, আজ শুধু ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন। দলে যেসব ফাঁকফোকর বেরিয়েছে, সেটা বন্ধ করতে তাই আজ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতেই পারেন আর্জেন্টাইন কোচ।
ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে নাইজেরিয়ারও। তবে সেটা করতে গিয়ে উল্টো হেরে গেলে বিপদ হতে পারে আফ্রিকান চ্যাম্পিয়নদের। তখন তাকিয়ে থাকতে হবে বসনিয়ার সঙ্গে ইরানের ম্যাচটার দিকে। গোল না খাওয়ার দিকেই তাই আজ বেশি মনোযোগ থাকতে পারে নাইজেরিয়ার।
একই চেষ্টা অবশ্য ইরানও করেছিল। কিন্তু শেষ মুহূর্তে ৫ ফুট সাড়ে ৬ ইঞ্চির সেই জাদুকর সব হিসাব গোলমাল করে দিলেন যে!
আজ কি আবারও দেখা যাবে সেই জাদু? অনুশীলন, টিম মিটিং—এসব ব্যস্ততার মধ্যেই ২৭তম জন্মদিনের কেক কেটেছেন কাল। কে জানে উদ্যাপনের জন্য আজকের দিনটাকেই ঠিক করে রেখেছেন কি না!