লুইস সুয়ারেজ কতটা ভালো খেলোয়াড়? যতই ভালো হন, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো নিশ্চয়ই নন। সুয়ারেজের উরুগুয়ে সতীর্থ ক্রিস্টিয়ান রদ্রিগেজের ধারণা অবশ্য অন্য রকম। রদ্রিগেজ বলছেন, সুয়ারেজ মেসি-রোনালদোর চেয়েও ভালো!
এই মৌসুমটা দুর্দান্ত গেছে সুয়ারেজের। ইংলিশ লিগে সর্বোচ্চ ৩১ গোল করেছেন, একটুর জন্য লিগ জেতাতে পারেননি লিভারপুলকে। রোনালদোও শেষ পর্যন্ত লা ডেসিমা জিতে মৌসুমটা স্মরণীয় করে রেখেছেন। গড়েছেন চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। লা লিগার সবচেয়ে বেশি গোলও (৩১) ছিল রোনালদোর। সেই তুলনায় বরং মেসির মৌসুমটাই খানিকটা বিবর্ণ কেটেছে । কোনো শিরোপা পাননি, তার পরও লা লিগায় ২৮ গোল ঠিকই করেছেন ।
রদ্রিগেজ অবশ্য এসব উদাহরণ টানেননি। তাঁর কথা, ‘সুয়ারেজ বিশ্বের সেরা খেলোয়াড়।’ সতীর্থ বলেই কি এই মূল্যায়ন? রদ্রিগেজ স্পষ্ট করে দিলেন, ‘ও উরুগুইয়ান বলেই কিন্তু আমি এটা বলছি না। আমার মনে হয়, ও লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এক ধাপ ওপরে।’ নিজের কাছে একটা ব্যাখ্যাও আছে রদ্রিগেজের, ‘সে দেশ ও ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করেছে। ক্লাবের হয়ে যতটা দুর্দান্ত, দেশের হয়ে মেসি ও রোনালদো ততটা নন। দলে সবাই ওকে ভালোবাসে। মাঠে ওর উপস্থিতি মানে একটা বিপ্লব। সে প্রতিটি বলের জন্য লড়াই করে।’ ওয়েবসাইট।