আজ বার্সেলোনার প্রতিপক্ষ সেল্টা ভিগো; রিয়াল মাদ্রিদের মুখোমুখি রিয়াল জারাগোজা
মেস্তাল্লায় চোখ থাকবে মেসিদের
এবারও যে লড়াইটা বার্সেলোনা আর মাদ্রিদ—দুই বড় শহরে মধ্যেই হবে, সেটা তো জানাই ছিল। কিন্তু কে জানত, লিগের ১০ রাউন্ড পর্যন্ত মাদ্রিদের পতাকা রিয়াল নয়, ওড়াবে অ্যাটলেটিকো! রিয়াল মাদ্রিদকে তাই ৮ পয়েন্ট দূরে ছিটকে ফেলেও স্বস্তিতে নেই বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ যে মাথায় চড়েই বসে আছে। বার্সা-অ্যাটলেটিকো দুই দলেরই পয়েন্ট সমান! ডিয়েগো সিমিওনে নামের এক আর্জেন্টাইনের ছোঁয়ায় ক্লাবের চেহারাই পাল্টে গেছে। আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাদামেল ফ্যালকাও। ড্র দিয়ে লিগ শুরু করেও টানা আট জয়ে অ্যাটলেটিকোর পয়েন্টও এখন বার্সার সমান। ক্লাব ইতিহাসেরই সেরা শুরুর রেকর্ডের সামনে দাঁড়িয়ে সিমিওনের দল!লিওনেল মেসিরা তাই আজ সেল্টা ভিগোর বিপক্ষে নিজেদের ম্যাচ শেষ করে চোখ রাখবেন মেস্তেল্লা স্টেডিয়ামে। এখানেই ভ্যালেন্সিয়া নিজেদের মাঠে মুখোমুখি হবে অপ্রতিরোধ্য ফ্যালকাওদের। অ্যাটলেটিকোর জন্য নিঃসন্দেহে এটা বড় পরীক্ষা। ভ্যালেন্সিয়া নিজেদের মাঠে সব সময়ই বড় প্রতিপক্ষ। তা ছাড়া রিয়াল-বার্সার বাইরে স্পেনের সবচেয়ে বড় দলগুলোর একটি। ২০০৯-১০ মৌসুমের পর লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জেতাও হয়নি অ্যাটলেটিকোর। গত দুই মৌসুমের চার ম্যাচের দুটিতে হেরেছে, দুটি ড্র। মেসিরা আশা করতেই পারেন, এবার হয়তো পয়েন্ট হারাবে অ্যাটলেটিকো।কিন্তু ওই যে, এই অ্যাটলেটিকো অন্য এক দল। সেটা তারা ভ্যালেন্সিয়াকে বুঝিয়ে দিয়েছে। গত এপ্রিলেই এই দুই দলের সর্বশেষ দেখা। ইউরোপা লিগের সেমিফাইনালে। দুই লেগের সেমিফাইনালে ৫-২ গোল সমষ্টিতে ভ্যালেন্সিয়াকে উড়িয়েই দিয়েছিল টুর্নামেন্টের ভাবী চ্যাম্পিয়নরা। মেসিদের জন্য ভ্যালেন্সিয়া কতটা কী করতে পারেন, সেটাই দেখার। অবশ্য শুধু মেসিদের জন্য নয়, ভ্যালেন্সিয়াকে নিজেদের জন্যও কিছু একটা করতে হবে। গত তিন মৌসুমেই লা লিগার তৃতীয় দল হিসেবে শেষ করে চ্যাম্পিয়নস লিগে সরাসরি জায়গা করে নেওয়া ভ্যালেন্সিয়া এবার লিগে খোঁড়াচ্ছে। নয় ম্যাচে মাত্র ৩ জয় আর ২ ড্র নিয়ে ১১ নম্বরে পড়ে আছে। তবে চ্যাম্পিয়নস লিগ খেলা লক্ষ্য পূরণ করতে দরকার তিনে থাকা। এই জায়গাটির জন্য শেষ পর্যন্ত লড়াই হতে পারে অ্যাটলেটিকো, ভ্যালেন্সিয়া ও মালাগার মধ্যেই। ২৩ ম্যাচ ধরে অপরাজিত অ্যাটলেটিকোকে থামানো সত্যিই কঠিন। তারা এবার মনে করিয়ে দিচ্ছে ১৯৯৬ সালকে। সেবার লিগ-কাপ দুটিই জিতেছিল অ্যাটলেটিকো। সিমিওনে যখন ছিলেন সেই দলের মাঝমাঠের ভরসা। রিয়াল মাদ্রিদের জন্য এটা এক অর্থে লজ্জার, তাদের প্রসঙ্গ আসছে শেষে। আজ বার্নাব্যুতেই রিয়াল জারাগোজার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় থাকা হোসে মরিনহার দল। যারা জিতেছে গত পাঁচটি ম্যাচের চারটিতেই, ড্র করেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে, এল ক্লাসিকোতে। রিয়ালের অবস্থা এখন এমন যে তারা নামেই অন্য কোনো দলের সামনে দাঁড়ায়, অলক্ষ্যে তাদের প্রতিপক্ষ আসলে বার্সেলোনা। জারাগোজা ম্যাচের আগে কালও যেমন সার্জিও রামোস বললেন, ‘বার্সেলোনা ধরার চ্যালেঞ্জই আমাদের অনুপ্রাণিত করছে। শিরোপার জন্য আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব।’ ওয়েবসাইট।