মেহরাবের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় দলের খেলা ছিল না, তাতে কী? প্রিমিয়ার ক্রিকেট লিগে কালই তো প্রথম দেখা পেল রোমাঞ্চের! রাজশাহীতে উত্তেজনাপূর্ণ ম্যাচে ভিক্টোরিয়াকে ৮ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস। বিকেএসপিতে গাজী ট্যাংক-কলাবাগান ম্যাচেও ছিল উত্তেজনা। ম্যাচের শেষ ওভারে গাজীর বিপক্ষে ১ উইকেটে জিতে অঘটনই ঘটিয়েছে কলাবাগান। যদিও পরাজয়ের জন্য এ ম্যাচে বাজে আম্পায়ারিংকেই দায়ী করছে গাজী ট্যাংক। এদিক দিয়ে বগুড়ার ম্যাচটিকেই বলতে পারেন কিছুটা ঢিলেঢালা। ওরিয়েন্টের বিপক্ষে এ ম্যাচে সিসিএসের জয় ৭ উইকেটের।জয় দূরের কথা, ওল্ড ডিওএইচএসের কাল অনেক বড় লজ্জায় ডোবারই উপক্রম হয়েছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। মাত্র ৬৫ রানে ৬ উইকেট হারানো দলটার জন্য স্কোর বোর্ডে ১০০ রান তোলাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল একটা সময়ে। সেই দলই কিনা ২৫০ রানের টার্গেট দিল ভিক্টোরিয়ার সামনে! কৃতিত্বটা চার নম্বর মেহরাব হোসেন জুনিয়র এবং আট নম্বর ফরহাদ রেজার। ২২ ওভার শেষে ৬৫/৬ স্কোরটাকে ৪৭.৪ ওভারে তাঁরাই নিয়ে গেলেন ২১৩/৭-তে। সপ্তম উইকেট জুটিতে দুজন করেছেন ১৪৮ রান। ১৪৪ বলে এক ছক্কা আর ১৫ বাউন্ডারিতে মেহরাবের ১২৮, ফরহাদের ৬৩। ৩৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ায় মেহরাব শুরুতে একটু ধরে খেললেও পরে সেটা উসুল করে নিয়েছেন। সেঞ্চুরির ইনিংসে প্রথম ফিফটিটা ৯১ বলে এলেও পরের ৫০ রান এসেছে ৪৪ বলে।জবাবে ৫১ রানে ২ উইকেট হারানো ভিক্টোরিয়াকে তৃতীয় উইকেট জুটিতে আশার আলো দেখিয়েছিল মোহাম্মদ সামি (৪৮) ও মমিনুল হকের ব্যাটিং। কিন্তু তাঁদের ৬৮ রানের জুটির পরও ম্যাচটা চলে গেল শেষ ওভারে, ৩ বল বাকি থাকতে তো হেরেই গেল ভিক্টোরিয়া!বিকেএসপিতে গাজী ট্যাংক-কলাবাগান ম্যাচে ক্রিকেটীয় উত্তেজনারও আগে ছড়িয়েছে অন্য উত্তেজনা। ১৮২ রানে অলআউট হয়ে গেলেও ৬১ রানে ৫ উইকেট ফেলে দিয়ে কলাবাগানকে প্রায় ধরেই ফেলেছিল গাজী ট্যাংক। এই পাঁচ ব্যাটসম্যানের মধ্যে জাতীয় দলের রকিবুলও (৫) ফিরে যাওয়ায় বাকি কাজটা কঠিন হওয়ার কথা ছিল না গাজীর জন্য। কিন্তু ৬৯ রানের ষষ্ঠ উইকেট জুটিতে বিপর্যয় কাটিয়ে তোলেন মাহমুদুল হাসান (৪০) ও আরিফুল হক (৩৫)। ম্যাচ শেষ হওয়ার চার বল বাকি থাকতে কলাবাগানের জয়ের দেখা পাওয়াটা সেটারই সৌজন্যে। গাজীর অসন্তোষটাও ওই ষষ্ঠ উইকেট জুটিকে নিয়েই। দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড়ের অভিযোগ, ‘আমরা হারিনি, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। ৬১ রানে ৫ উইকেট পড়ার পর মাঠে উপস্থিত কলাবাগান কর্মকর্তাদের হুমকি-ধমকিতে আরিফুলের পরিষ্কার দুটি এলবিডব্লু দেননি আম্পায়াররা। এ ছাড়া আরও দুটি রানআউটও তাঁরা দিতে পারতেন।’বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২১০ রানে অলআউট ওরিয়েন্টের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ৪৬.১ ওভারেই ম্যাচ জিতে গেছে মোহাম্মদ আশরাফুলের সিসিএস। অমিত মজুমদারের ৮২ রানের ইনিংসের পর শেষ কাজটা করেছে আশরাফুল-শুভাগত হোমের চতুর্থ উইকেট জুটি। ১৩৩ রানে ৩ উইকেট পড়ার পর ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে তাঁরাই জিতিয়ে দিয়েছেন ম্যাচ। ৪ ছক্কা আর দুই বাউন্ডারিতে ৪৯ বলে ৫০ রান করে অপরাজিত শুভাগত। ৫৮ বল খেলে আশরাফুল অপরাজিত ছিলেন ৪৩ রানে (৩টি চার)।সং ক্ষি প্ত স্কো রগাজী ট্যাংক: ৪৮.৪ ওভারে ১৮২ (নাসির ৫৩, সাব্বির ৩৪, বীরারত্নে ২৪, মিঠুন ২০; আরাফাত ৩/২৫, শরিফ ২/২২, মাহমুদুল ২/৩৪, ইজাজ ১/১০, নাজমুস ১/৩৯, শাহাদাত ১/৫০)। কলাবাগান: ৪৯.২ ওভারে ১৮৩/৯ (মাহমুদুল ৪০, আরিফুল ৩৫; নাঈম ২/২৬, সাব্বির ২/২৭, নাসির ২/৩৮, সানজামুল ১/২৮, শাকের ১/২৯)। ফল: কলাবাগান ১ উইকেটে জয়ী।ওরিয়েন্ট: ৫০ ওভারে ২১০/৮ (রবিউল ৫৩, সাদিদ ৪৪, আনহুর ৪২; আসলাম ৩/৩৭, আশরাফুল ২/৫২, সৈকত ১/১৪, ওয়াকাস ১/৫১)। সিসিএস: ৪৬.১ ওভারে ২১৪/৩ (অমিত ৮২, শুভাগত ৫০*, আশরাফুল ৪৩*, শাহবাজ ৩১; সোহাগ ১/২৬, আশরাফুল হক ১/৩৫, জায়েদ ১/৩৮)। ফল: সিসিএস ৭ উইকেটে জয়ী।ওল্ড ডিওএইচএস: ৫০ ওভারে ২৪৯/৯ (মেহরাব জুনিয়র ১২৮, ফরহাদ রেজা ৬৩; মনির ৩/৪০, আরসালান ৩/৪১, সাইফ ২/২৪, কামরুল রাব্বি ১/৬৮)। ভিক্টোরিয়া: ৪৯.৩ ওভারে ২৪১ (মমিনুল ৭০, সামি ৪৮, ফজলে রাব্বি ৩৪, কামরুল রাব্বি ২০; তাসকিন ২/২৬, ফরহাদ রেজা ২/৪৫, শফিউল ২/৫৩, বিলাল ১/৩২, রাশেদ ১/৪২)। ফল: ওল্ড ডিওএইচএস ৮ রানে জয়ী।