মেহরাবের সেঞ্চুরি, শাহজাদার ৬ উইকেট
দলের মূল ব্যাটসম্যানদের একজন, কিন্তু প্রথম পর্বে এমনই রানখরা ছিল যে সেরা একাদশেই জায়গা হারিয়ে ফেলেন। এটাই হয়তো জাগিয়ে দিল মেহরাব জুনিয়রকে, আবার সুযোগ পেয়ে কাল করলেন সেঞ্চুরি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই বাঁহাতির পঞ্চম সেঞ্চুরিটাও অবশ্য লিড এনে দিতে পারেনি ঢাকাকে। চট্টগ্রামের চেয়ে প্রথম ইনিংসে পিছিয়ে তারা ৭৩ রানে। বিকেএসপিতে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসের ২৬ রানের লিডটাকে দিনশেষে রাজশাহী বাড়িয়ে করেছে ৭৬, হাতে থাকা ৯ উইকেট নিয়ে নিশ্চয়ই সেটি আরও বড় করে তুলবে।মেহরাব পারলেও রানখরা থেকে মুক্তি মেলেনি মোহাম্মদ আশরাফুলের। জাতীয় দলে তাঁর সতীর্থরা যখন ছুটি কাটাচ্ছেন, ফর্ম ফিরে পেতে নিউজিল্যান্ড থেকে ফিরেই তিনি ছুটে গিয়েছিলেন খুলনায়। কিন্তু ফয়সাল হোসেনের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফিরেছেন শূন্যতেই। ৭০ রানে ৫ উইকেট হারানো ঢাকার হাল ধরেন মেহরাব, ষষ্ঠ উইকেটে নাদিফকে নিয়ে ৪০ রানের জুটির পর সপ্তম উইকেটে অধিনায়ক মোহাম্মদ শরীফকে নিয়ে গড়েন ১০২ রানের জুটি। ঠিক ৫০ করে আউট শরীফ, সেঞ্চুরির পর আর ১ রান করে মেহরাব। ১৯৬ বলের ইনিংসে মেহরাব চার মেরেছেন ১৩টি।সকালে আগের দিনের ২৯৪ রানের সঙ্গে আর মাত্র ১৮ রান যোগ করেই শেষ দুই উইকেট হারায় চট্টগ্রাম। ৬৭ রান নিয়ে দিন শুরু করা উইকেটকিপার ব্যাটসম্যান আরমান আউট হন ৮১ রানে, ৪১ রানে অপরাজিত কামরুল আউট ৪৫ রানে। নিজের টানা দুই ওভারে দুটি উইকেটই নেন তালহা জুবায়ের, আগের দিন পেয়েছিলেন দুটি, এই মিডিয়াম পেসারই ঢাকার সফলতম বোলার।২৬৯ রানে ইনিংস ঘোষণা করে আগের দিন প্রতিপক্ষকে বোনাস পয়েন্ট পেতে দেয়নি রাজশাহী, কাল খুলনাকে ২৪৩ রানে অলআউট করে ঠিকই বোনাস পয়েন্ট তুলে নিল। ৪৬ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারায় খুলনা, পাঁচ উইকেটই রাজশাহীর পেসার শাহজাদার। পরে ছয় নম্বর ব্যাটসম্যান সগীরকেও আউট করেছেন শাহজাদা, তবে তার আগে নিজামুদ্দিনকে নিয়ে ষষ্ঠ উইকেটে খুলনা অধিনায়ক গড়েন ৬৮ রানের জুটি। সাতে নেমে ইনিংসের সর্বোচ্চ ৬৫ রান নিজামের, আট ও নয়ে নেমে ৩৩ ও ২৭ করেছেন সৈয়দ রাসেল ও ডলার মাহমুদ। শাহজাদার ৬ উইকেটের পাশে ২ উইকেট তাঁর নতুন বলের জুটি শুভাশীষের। দিনশেষে হামিদুলের (৭) উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে রাজশাহী।