মোহামেডানের চোখ জিএম টুর্নামেন্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েক বছর হলো দেশে কোনো গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট হয় না। দাবা ফেডারেশন নিদারুণ ব্যর্থ। প্রতিশ্রুতি দিয়েও পারছে না একটি জিএম টুর্নামেন্ট করতে। অবশেষে ভুলে যাওয়া সেই স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সব ঠিক থাকলে আগামী মাসে ঢাকায় হবে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট।
তবে ফেডারেশন নয়, এই প্রতিযোগিতার উদ্যোক্তা মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাত্রই একটা আন্তর্জাতিক স্কুল টুর্নামেন্ট আয়োজনের সাফল্যই মোহামেডানকে উদ্বুদ্ধ করছে জিএম টুর্নামেন্ট আয়োজনে। ১ আগস্ট নরওয়েতে শুরু বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলতে যাওয়া বাংলাদেশ দলের জন্য এটি প্রস্তুতির সুযোগ করে দেবে।
মোহামেডানের পরিচালক সারোয়ার হোসেন কাল জানিয়েছেন, ‘স্কুল টুর্নামেন্টটা বেশ ভালো সাড়া ফেলেছে। এটি সফল হওয়ায় আমরা আগামী মাসে গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট করার প্রস্তুতি নিয়েছি। ৫০ লাখ টাকা খসড়া বাজেট হয়েছে।’
বাংলাদেশের পাঁচ ও বিদেশি পাঁচ মোট ১০ জন গ্র্যান্ডমাস্টারকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। থাকবে বড় অঙ্কের অর্থ পুরস্কার।