মোহামেডানের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই মঞ্চে বাদল রায়, রুম্মন বিন ওয়ালী সাব্বির, কায়সার হামিদ, ছাইদ হাসান কানন। ছিলেন সংগঠক লুৎফর রহমান বাদল, মোস্তাকুর রহমান, ফজলুর রহমান বাবুল। মোহামেডানের সাবেক খেলোয়াড়, কর্মকর্তা ও স্থায়ী সদস্যদের অনেকেই এক ছাদের নিচে কাল জড়ো হয়েছিলেন ক্লাবের বর্তমান পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে।
মোহামেডানের পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ গত সেপ্টেম্বরে। নতুন নির্বাচন হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও নির্বাচনের উদ্যোগ নেই। মেয়াদোত্তীর্ণ কমিটির সব সিদ্ধান্তকে তাই ‘অবৈধ’ দাবি করলেন সাবেক কর্মকর্তারা। রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্লাবের সাবেক পরিচালক বাদল রায় বলেন, ‘ফুটবলে মোহামেডান সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ১২ বছর আগে। পেশাদার লিগ চালু হওয়ার পরও কোনো শিরোপা জেতেনি। বর্তমান কমিটি দল গড়া, খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় ও কোচ নিয়োগে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যক্তিস্বার্থ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতিতে ছেয়ে গেছে ক্লাব। অদক্ষ প্রশাসনযন্ত্রের কাছে জিম্মি ক্লাবটি।’ শুধু ফুটবল নয়, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টনসহ অন্য খেলাতেও সাফল্যের গ্রাফ নিম্নমুখী। আর এসবের পেছনে বর্তমান কমিটির স্বেচ্ছাচারিতাকেই দায়ী করছেন তাঁরা।
বর্তমান কমিটির ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়া অবশ্য এসব অভিযোগ খারিজ করে বলেছেন, সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই চলছে, ‘গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮ (ঘ) ও ২৯ (ঘ) এ স্পষ্ট লেখা আছে পরিচালনা পর্ষদ এজিএমে বিলুপ্ত হবে। কিন্তু কোনো কারণে নির্ধারিত সময়ে এজিএম না হলে কাগজে-কলমে যা আছে সেভাবেই চলবে। এ জন্য আমরা সেপ্টেম্বর মাসের পর জয়েন্ট স্টক কোম্পানির কাছ থেকে লিখিতভাবে কমিটি চালানোর অনুমতি নিয়েছি।’ জানালেন, অচিরেই আসতে পারে নির্বাচনের ঘোষণা, ‘দেশের বিরাজমান পরিস্থিতির কারণে গত ডিসেম্বরে নির্বাচন করতে পারিনি। এ জন্য ওই সময় এজিএমও হয়নি। তা ছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন। আদালত এ মাসেই নির্বাচনের তারিখ দিতে পারে।’ দুর্নীতির প্রসঙ্গে বললেন, ‘ক্লাব চলছে ভিক্ষা করে। এখানে দুর্নীতি করার সুযোগ কোথায়?’