মোহামেডানের 'কোচ-দুঃখ'
বছর দুয়েক আগে প্রাপ্য বেতনের দাবিতে ফুটবল ফেডারেশনে লিখিত অভিযোগ করেছিলেন মোহামেডানের নাইজেরিয়ান কোচ এমেকা ইউজিগো। চুক্তির পুরো টাকা পাননি মোহামেডানকে সুপার কাপ জেতানো কোচ মারুফুল হক, শফিকুল ইসলাম মানিক, সাইফুল বারী টিটুও। তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন সহকারী কোচ জুয়েল রানা। সম্প্রতি পর্তুগিজ কোচ রুই ক্যাপেলার দেশে ফিরে যাওয়ার সঙ্গেও অনেকে বকেয়া বেতনের সমীকরণ মেলানোর চেষ্টা করছেন।
যদিও মোহামেডানের ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলছেন, ক্যাপেলার সঙ্গে টাকাপয়সা নিয়ে কোনো সমস্যা হয়নি, ‘ক্যাপেলা টাকাপয়সার কারণে যাননি। তাঁর স্ত্রী ক্যানসারে ভুগছেন। এ জন্য ছুটি নিয়ে গেছেন। তাঁকে আমরা দেড় মাসের অগ্রিম বেতনও দিয়েছি।’
কিন্তু লিগের মাঝপথে কোচ চলে যাওয়ায় দল তো পড়ল ঝামেলায়৷ গত কয়েকটি মৌসুমের দিকে ফিরে তাকালে দেখা যাবে, মোহামেডান ক্লাব থেকে কোচরা সন্তুষ্টচিত্তে বিদায় নিতে পারেননি। সুপার কাপ জেতানোর পরও মারুফুল হক প্রাপ্য সম্মান পাননি। কাল পাওনা টাকার প্রসঙ্গ তুলতেই মারুফুল হক বললেন, ‘এটা তো মোহামেডানের পুরোনো সংস্কৃতি। আমি পুরো টাকা পাইনি। তবে এসব নিয়ে কথা বলতে আর ভালো লাগে না।’
তবে শুধু আর্থিক বিষয় নয়, কর্মকর্তাদের মতানৈক্যও কোচদের ক্লাব ছাড়ার পেছনে একটা বড় কারণ। তিন মৌসুম মোহামেডানে কোচের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম সেটাই বললেন, ‘শুধু টাকাপয়সার জন্য ক্লাবের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়নি আমার। অনেক সময় মতের মিল হতো না কর্মকর্তাদের সঙ্গে। এ জন্যই কাজ না করে চলে এসেছি।’
সহকারী কোচ জুয়েল রানাও সম্প্রতি অভিমানে সরে এসেছেন ক্লাব থেকে। কাল বলছিলেন, ‘আমরা তো ক্লাবের স্থায়ী সদস্য। আমাদের সঙ্গে কোনো লিখিত চুক্তি হয় না ক্লাবের। তাই এসব দাবি-দাওয়ার কোনো গ্রহণযোগ্যতাও থাকে না। কিন্তু এটা সত্যি, কাজ করার পর সবাই কিছু ফেরত পেতে চায়।’
আর্থিক কারণ, স্ত্রীর অসুস্থতা বা মতের অমিল যা-ই হোক না কেন মোহামেডানের অন্দরমহল বা ঢাকার ফুটবল অঙ্গনে গুঞ্জন, রুই ক্যাপেলারও এই মৌসুমে ফেরার সম্ভাবনা খুবই কম। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, কেন কোচ থাকেন না মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবে?