মোহাম্মদ আলীর স্মরণ অনুষ্ঠান আর দাফন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলীর
মোহাম্মদ আলীর

নিজের শহর লুইভিলে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বন্ধুসহ হাজারো ভক্তের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হলো কিংবদন্তি ক্রীড়াবিদ মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর। দুই দিনব্যাপী আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার পারিবারিকভাবে এ জানাজা হয়।
আজ শুক্রবার বিশ্বনেতারাসহ বিশ্বের নানা প্রান্তের ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে লুইভিলেই হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী স্মরণে আন্তধর্মীয় অনুষ্ঠান। এদিনই চিরশয্যায় শায়িত করা হবে তাঁকে। দাফনের আগে তাঁর প্রতি শেষবারের মতো ভালোবাসা ও শ্রদ্ধা জানাবেন আমন্ত্রিত অতিথিসহ বিশিষ্টজনেরা।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিলে পারিবারিকভাবে ছোট পরিসরে জানাজা হয় ‘দ্য গ্রেটেস্ট’–এর। শহরের ফ্রিডম হল এলাকায় অনুষ্ঠিত হয় এই জানাজাসহ ৩০ মিনিটের প্রার্থনা অনুষ্ঠান। ১৯৬১ সালের ২৯ নভেম্বর এখানেই এক লড়াইয়ে আলী হারিয়ে দেন উইলি বেসম্যানফকে। গতকালের অনুষ্ঠান সম্পর্কে ইমাম জায়িদ শাকির বলেন, ইসলামি রীতি অনুযায়ী তাঁর জানাজা হয়েছে।
আজ সকালে লুইভিলে মোহাম্মদ আলীর কফিন নিয়ে শোক শোভাযাত্রা হবে। এরপর দাফন করা হবে তাঁকে। আলীর স্মৃতিবিজড়িত কিছু স্থান যেমন: তাঁর শৈশবের বাড়ি, আলী সেন্টার, দ্য সেন্টার ফর আফ্রিকান আমেরিকান হেরিটেজ, মোহাম্মদ আলী বুলভার্ড অতিক্রম করবে শোভাযাত্রাটি।
শোকযাত্রায় আলীর কফিনের পাশে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে থাকবেন রুপালি পর্দায় মোহাম্মদ আলীর চরিত্রে রূপ দেওয়া হলিউডের নামী অভিনেতা উইল স্মিথ। কবরস্থানে যাওয়ার পথটুকু লাল গোলাপের পাপড়িতে ঢেকে দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন বিশ্বজোড়া শ্রদ্ধার আসনে থাকা এ মুষ্টিযোদ্ধার ভক্তরা।
বিকেলে আন্তধর্মীয় স্মরণানুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য অতিথি ও সাধারণ ভক্তরা। অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, কৌতুক অভিনেতা বিলি ক্রিস্টালসহ অনেক বিশিষ্টজন অংশ নেবেন বলে জানা গেছে। স্মরণানুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৫ হাজার বিনা মূল্যের টিকিট ছাড়ার আধ ঘণ্টার মধ্যে তা শেষ হয়ে যায়।
বর্ণাঢ্য জীবনে মোহাম্মদ আলী তিনবার বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন। নিজ দেশে কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আদায়ের লড়াইয়ে নিবেদিতপ্রাণ ছিলেন। যুদ্ধবিরোধিতার জন্য মানবতাবাদী হিসেবেও সাধুবাদ কুড়িয়েছেন। দশকব্যাপী পারকিনসন রোগের সঙ্গে লড়ে গত সপ্তাহে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করা আলীর নাম ছিল ক্যাসিয়াস ক্লে। ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পাল্টে রাখেন মোহাম্মদ আলী।