মৌসুম শেষ প্রায়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেটের পেছনে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন যখন উচ্চকিত, ইংলিশ উইকেটকিপার ম্যাট প্রায়র সিদ্ধান্ত নিলেন একিলিস অস্ত্রোপচারের। আর মাঠেই নামতে পারবেন না এই মৌসুমে। বাটলার-বেয়ারস্টোরা উঠে আসছেন, ইংল্যান্ডের হয়ে আর কখনোই মাঠে নামতে পারেন কি না, সেই শঙ্কায় এখন ৩২ বছর বয়সী উইকেটকিপার। মৌসুমের শুরুতে প্রায়রকে নিয়ে প্রশ্ন ছিল মূলত ফর্মের কারণে। নির্বাচকেরা শেষ পর্যন্ত আস্থা রেখেছিলেন তাঁর অভিজ্ঞতায়। শ্রীলঙ্কা সিরিজে উইকেটের সামনে-পেছনে খারাপ করেননি। কিন্তু ভারত সিরিজে যথারীতি আবার বাজে ফর্ম। ব্যাট হাতে তবু যেমন-তেমন, কিপিং গ্লাভস হাতে বেশ কিছু ক্যাচ ছেড়েছেন দৃষ্টিকটুভাবে। চোটও ভোগাচ্ছিল বেশ। সব মিলিয়ে তাই ক্যারিয়ার ঝুঁকিতে পড়লেও বিরতির সিদ্ধান্ত নিলেন প্রায়র, ‘প্রথম টেস্টের আগেই ঊরুতে চোট পেয়েছিলাম, হাতের চোট তো আছেই, তবে একিলিসটাই বেশি ভোগাচ্ছে। জানি, সিদ্ধান্তটি অনেক বড়, হয়তো ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছি আমি। কিন্তু দলের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি।’ ক্রিকইনফো।