মেয়াদ শেষ, তবু পিসিবির প্রধান বাট!
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ইজাজ বাটের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গতকাল শনিবার। সেই চুক্তি নতুন করে নবায়ন করা হয়নি। তবুও পিসিবির প্রধান হিসেবে কাজ করে যাচ্ছেন বাট।মেয়াদ শেষ হওয়ার দিনই দুবাইয়ের বিমানে ওঠেন ইজাজ বাট। উদ্দেশ্য, আইসিসির একটি বৈঠকে যোগ দেওয়া! এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের আইন বিশেষজ্ঞ ও সাবেক ক্রিকেটাররা।পিসিবির সংবিধান অনুসারে চেয়ারম্যান নিয়োগ দিয়ে থাকেন পাকিস্তানের প্রেসিডেন্ট। কারণ তিনিই বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক। বাটের মেয়াদ শেষ হওয়ার পর নতুন কাউকে নিয়োগ বা অন্তবর্তী সময়ের জন্য কারও ওপর দায়িত্ব দেননি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বাটের মেয়াদ বাড়ানো হবে কি না, সে কথাও বলেননি। অথচ আইসিসির বৈঠকে যোগ দিতে দুবাই গেছেন বোর্ডের ‘মেয়াদোত্তীর্ণ’ প্রধান।পিসিবির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, সত্যি কথা বলতে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইজাজ বাট এখন আর পিসিবির প্রধান নন। সংবিধান অনুসারে আইসিসির বৈঠকে যোগ দেওয়াসহ পাকিস্তান ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার এখতিয়ার তাঁর নেই।শাহরিয়ার আরও বলেন, ‘আইসিসির বৈঠকে যাওয়া বাটের উচিত হয়নি। তিনি এটিকে এড়িয়ে যেতে পারতেন। সংবিধান সম্পর্কে পড়েছি বলেই বলছি, পাকিস্তান ক্রিকেটের পক্ষে কোনো নথিতে স্বাক্ষর করার এখতিয়ার তাঁর নেই।’সাবেক আইন উপদেষ্টা শান গুলের দাবি, সংবিধান অনুসারে বাটের মেয়াদ স্বল্প মেয়াদে বাড়াতে পারেন না প্রেসিডেন্ট জারদারি। গুল বলেন, পাঁচ-ছয় মাস এমনকি এক বছরের জন্যও বাটের দায়িত্ব দিতে পারে না সরকার। আইন অনুসারে তাঁকে পূর্ণ তিন বছর দায়িত্ব দিতে হবে। ওয়েবসাইট।