মেয়ে ক্রিকেটার খুঁজছে বিসিবি
হতে চান সালমা-জাহানারাদের সতীর্থ? খেলতে চান বাংলাদেশ মহিলা ক্রিকেট দলে? সুযোগ এসে গেছে সামনে। ছেলেদের মতো বিভিন্ন ধাপ পেরিয়ে আসার মতো পরিকাঠামো নেই মেয়েদের। পরীক্ষা তাই সরাসরি। মনে ইচ্ছে, চোখে স্বপ্ন আর ক্রিকেট-প্রতিভা আছে যাদের, সুযোগটা তাঁদের জন্য। ২ অক্টোবর, মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন একাডেমি মাঠে হবে ক্রিকেট পরীক্ষা। বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত, নেই কোনো বয়সের বাধা। সঙ্গে আনতে হবে শুধু দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর খেলার পোশাক। দেশে মেয়েদের ক্রিকেটের দিগন্ত বাড়ছে আস্তে আস্তে। ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশের মেয়েরা, ক্রিকেট লিগ হচ্ছে মেয়েদের। বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় নিয়মিত বেতন পাচ্ছেন শীর্ষ মেয়ে ক্রিকেটাররা। দেশের মাটিতে আগামী ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে বাংলাদেশের মেয়েরা। সুযোগটা তাই লুফে নেওয়ার মতোই।