মেয়েদের ক্রিকেট দলের নতুন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমতা মাবেন, ওশাদি বীরাসিংহেদের পথ ধরে এবার বাংলাদেশের মেয়েদের দায়িত্ব নিতে যাচ্ছেন শেন ডিটস। সাবেক দক্ষিণ অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যানকে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ করা হয়েছে। আপাতত চুক্তি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ক্যাম্প দিয়েই শুরু হয়ে যাচ্ছে ডিটসের দায়িত্ব।
৩৮ বছর বয়সী ডিটস প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ৬৬ ম্যাচ। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে পারফরম্যান্সও খারাপ ছিল না। কিন্তু অস্ট্রেলিয়া দলে তখন খেলছেন অ্যাডাম গিলক্রিস্ট নামের এক অতিমানব। জাতীয় দলের ধারেকাছেও তাই ঘেঁষতে পারেননি। ২০০৭-০৮ মৌসুমে ক্রিকেট ছাড়ার পর ডেভেলপমেন্ট কোচের দায়িত্ব নিয়ে পাড়ি জমান ওয়েলিংটনে। সহকারী কোচ ছিলেন নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও হল্যান্ড লায়নসের। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ছিলেন ওয়েলিংটন ফায়ারবার্ডসের হাইপারফরম্যান্স কোচ।
ক্যাম্পে ডাক পেলেন যাঁরা: সালমা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, আয়েশা রহমান, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, সুলতানা ইয়াসমিন বৈশাখী, আয়েশা আকতার, শারমিন আকতার সুপ্তা, শাহনাজ পারভীন, লিলি বিশ্বাস, তিথি সরকার, রিতু মনি, তাজিয়া আকতার, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, সোহেলি আকতার, সানজিদা ইসলাম, সাথিরা জাকির, শায়লা শারমিন, সাবিকুন নাহার, জান্নাতুল ফেরদৌসি, সুবর্ণা ইসলাম, নিগার সুলতানা, নাদিয়া আফরিন, তমালিকা সুমনা।