মেয়েদের ক্রিকেটে নতুন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বোলিং ভালো। বিকেএসপির শিশিরভেজা উইকেটটাও কাল সকালে বোলারদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছিল। এমন উইকেটে যুক্তরাষ্ট্রের মতো দলের টসে জিতে ব্যাটিং করার অর্থ, ম্যাচটি স্বল্পায়ু হওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশের মহিলা দলের ওয়ানডে মর্যাদা পেতে তাহলে আর খুব বেশি অপেক্ষা নয়!কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে থেকে যুক্তরাষ্ট্রের খেলা দেখার অভিজ্ঞতা অর্জনকারীদের মত ছিল ভিন্ন। এই দলের মেয়েরা নাকি আঠার মতো উইকেটে লেগে থাকতে পারেন। রান তাঁরা যত কমই করুন, সহজে আউট হওয়ার পাত্রী কেউ নন। কাল বাংলাদেশের ৯ উইকেটে জেতা ম্যাচেও সেই প্রমাণ মিলল। ১ উইকেট হারিয়ে মাত্র ১৮.৫ ওভারে ৭৯ রানের লক্ষ্য ছুঁয়ে ওয়ানডে মর্যাদা পাওয়ার উৎসব করেছেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু ওই ৭৮ করতেই যুক্তরাষ্ট্রের মেয়েরা ব্যাটিং করেছেন ৪৭.৩ ওভার!বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গের পর বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল ওয়ানডে মর্যাদা অর্জন। কালকের জয়ে সেটি নিশ্চিত হয়ে যাওয়ায় উৎসব করাটাই স্বাভাবিক। কিন্তু সালমা খাতুনের দলে সেই উৎসবের মাত্রাটা যেন সীমিত। বিশ্বকাপে খেলার স্বপ্নটা উঁকি দিয়েও হারিয়ে যাওয়াতেই কি? খেলা শেষে দলের ওপেনার শুকতারার কথা শুনে সে রকমই মনে হয়। ওয়ানডে স্ট্যাটাস অর্জনকারী দলে থাকতে পারাটাকে জীবনের সবচেয়ে বড় অর্জন মেনেও শুকতারা বললেন, ‘ওয়ানডে মর্যাদা পাওয়ায় ভালো লাগছে। আমাদের টার্গেটই ছিল এটা। তবে বিশ্বকাপে খেলতে পারলে আরও ভালো লাগত।’এই আরও ভালো লাগার ব্যাপারটি ঘটল না বোধ হয় ব্যাটিং দুর্বলতার কারণে। যুক্তরাষ্ট্রের ভারতীয় কোচ রবিন সিংয়ের চোখে যখন টুর্নামেন্টের দলগুলোর গুণগত পার্থক্য ‘উনিশ-বিশ’, তখন বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা তো ছিলই। তবে কোচ মমতা মাবেন অর্জিত সাফল্যেই খুশি, ‘এটা সবার জন্যই গর্বের ব্যাপার। মহিলা ক্রিকেটকে এভাবে সমর্থন দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। আমরাও কঠোর পরিশ্রম করেছি। মেয়েরা সেটার ফল পেয়েছে।’ মহিলা ক্রিকেটের ওয়ানডে মর্যাদা পাওয়ার চেয়ে ধরে রাখাটাই অবশ্য কঠিন। কোচও মনে করিয়ে দিয়েছেন সেটা, ‘ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এখন এটা ধরে রাখতে হবে। এ জন্য প্রচুর ম্যাচ খেলতে হবে এবং এটা বাধ্যতামূলক। আমি মনে করি, এখন থেকেই কাজ শুরু করতে হবে।’অধিনায়ক সালমা আশাবাদী, ওয়ানডে দল হিসেবে নিজেদের অবস্থানটাকে পাকাপোক্ত করতে পারবে বাংলাদেশ দল, ‘আমার বিশ্বাস, আমরা ওয়ানডে মর্যাদা ধরে রাখতে পারব, ভালোভাবেই পারব।’ তাঁদের এই সাফল্যে দেশের অন্য মেয়েরাও ক্রিকেটে আগ্রহী হবে বলে মনে করছেন অধিনায়ক, ‘অনেক মেয়েই এখন ক্রিকেট খেলায় আগ্রহী হবে। ক্রিকেটে মেয়েরা যত বেশি আসবে, ততই আমাদের জন্য ভালো।’লতা মণ্ডলেরও তা-ই মনে হয়। এমন একটা অর্জনের দিনে বিসিবির কাছে একটা দাবিও জানালেন মহিলা দলের এই ক্রিকেটার, ‘মেয়েদের ক্রিকেটে সুযোগ-সুবিধা আরও বাড়ানো দরকার। মেয়েদের জন্য আলাদা মাঠ হলে ভালো হয়। অনেক সময় ছেলেদের সঙ্গে আমাদের একই মাঠে খেলতে হয়।’বিকেএসপিরই আরেক মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট পেয়েছিলেন খাদিজাতুল কুবরা। কালও ২০ রানে ৪ উইকেট নিয়ে তিনি ম্যাচ-সেরা। খেলা শেষে অন্যদের তুলনায় তাঁর আনন্দটাই বেশি মনে হলো, ‘আল্লাহ চেয়েছেন বলেই ভালো খেলতে পেরেছি। আজকের (গতকাল) দিনটা আমি আমার কোচ মোসলেম স্যারকে উৎসর্গ করতে চাই। ওনার জন্যই আজ এই পাওয়া।’কালকের ম্যাচের আরও একটা দিক—বাংলাদেশের কোচ মোসলেম, ইমতিয়াজ হাসান, জাফরুল এহসান অথবা ভারতের মমতা মাবেনের কাছে ভারতেরই রবিন সিংয়ের হার! ভারতীয় দলের সাবেক এই ক্রিকেটার অবশ্য মাত্র সপ্তাহ দুয়েক ধরে আছেন যুক্তরাষ্ট্রের মহিলা দলের সঙ্গে। সামান্য অভিজ্ঞতা থেকেই তাঁর দলের তুলনায় বাংলাদেশের মেয়েদের অনেকটা এগিয়ে রাখলেন, ‘বাংলাদেশ আমাদের চেয়ে অনেক ভালো দল। এই টুর্নামেন্টের দুই মাসের মতো প্রস্তুতি নিয়েছে তারা। আর যুক্তরাষ্ট্র দলের প্রস্তুতি দুই সপ্তাহের। দলের অনেক মেয়েই একে অন্যকে ঠিকভাবে চেনে না, একে অন্যের সঙ্গে সেভাবে খেলেওনি।’যুক্তরাষ্ট্রে মেয়েদের ক্রিকেটের কোনো কাঠামোই এখনো সেভাবে দাঁড়ায়নি। লিগ-টিগও হয় না। তার পরও বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়েকে তারা হারিয়েছে। রবিন সিংয়ের কাছে এটাই বড় প্রাপ্তি।সে তুলনায় বাংলাদেশের প্রাপ্তি আরও বড়। তবে এই প্রাপ্তি বাড়িয়ে দিয়েছে একটা দায়িত্বও। ওয়ানডে মর্যাদা ধরে রাখার দায়িত্ব।