মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের দিন
একসঙ্গে বিনোদনের এত উপকরণ! হংকংকে ১০ উইকেটে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে জয় উপহার দিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এশিয়ান গেমসে এমন জয়ের পর সত্যিই উচ্ছ্বাসে ভেসে গেলেন বাংলাদেশ প্রতিনিধিদলের কর্মকর্তারা। আরেকটি বিস্ময়ের নাম গুয়াংজুর নবনির্মিত গুয়াংডং স্টেডিয়াম। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের উপস্থিতিও পরিবেশটাকে দিল ‘অন্য মাত্রা’! আড়াই ঘণ্টায় মাঠে ও মাঠের বাইরে অনেক কিছুই ঘটল। টস জিতে ব্যাটিংয়ে নেমে হংকংয়ের মেয়েরা ১৭.১ ওভারে অলআউট মাত্র ২৫ রানে। কে বলবে এটি টি-টোয়েন্টি ম্যাচ! এরপর বাংলাদেশের মেয়েরা জয় তুলতে খেলল মাত্র ৩.৪ ওভার। গুয়াংজুর সুস্বাদু খাবার ক্যান্টনের মতোই হংকং দল খাবার হলো বাংলাদেশের। দুর্বল ও নবিশ হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয়ে এশিয়াডে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের শুভসূচনা হলো। আর তা দেখে কর্তারা এমন ভাবভঙ্গি শুরু করলেন, যেন বিশ্বকাপ জিতে উঠল বাংলাদেশ! কোলাকুলি, করমর্দন—এসবের পাশে ছবি তোলার হিড়িক। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে খেলা দেখলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ‘এটি ঐতিহাসিক এক জয় আমাদের জন্য’। বললেন প্রতিক্রিয়ায়! মন্ত্রী নিজেই ছবি তুললেন, তোলালেন। বিশেষ করে স্বেচ্ছাসেবকদের সঙ্গেই বেশি ছবি তোলা হলো তাঁর। এরই এক ফাঁকে সংশয় ঝরালেন কণ্ঠে, ‘চীনে আসার আর কি সুযোগ পাব! তাই বেইজিংয়ে যাবই গ্রেটওয়াল দেখতে। ঈদ চীনেই করব।’ বাংলাদেশ দলের নানা পদবিধারীদের ভিড় দেখা গেল তাঁর চারপাশে। অনেকে রসিকতা করে বললেন, ‘সদলবলে মন্ত্রীকে চেহারা দেখাতে এসেছেন।’সৈয়দ আশরাফুল হক, আমিনুল ইসলাম ও মঞ্জুরুল ইসলামও সেখানে। এই তিন বাংলাদেশি চীনের ক্রিকেটের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত। প্রথমজন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিইও, দ্বিতীয়জন এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির পরিচালক, তৃতীয়জন এসিসির ডেভেলপমেন্ট কোচ। আমিনুল ও মঞ্জুরুল চীনা মেয়েদের ক্রিকেট শিখিয়েছেন এবং শেখাচ্ছেন হাতে-কলমে।সৈয়দ আশরাফুল হক খুব খুশি বাংলাদেশের জয়ে। তবে বিস্মিত চীনের ‘কাণ্ড’ দেখে, ‘দুই বছর আগে স্টেডিয়ামের এই জায়গাটা ছিল ডোবা। তা দেখে বলেছিলাম এখানে ক্রিকেট মাঠ অসম্ভব। এক বছরও আগেও একই কথা বলেছি। কিন্তু মাত্র ৭ মাসে ওরা দুর্দান্ত একটা স্টেডিয়াম করল।’বাংলাদেশি কিউরেটর জসিমউদ্দিনের সহযোগিতায় দারুণ মাঠ হয়েছে। ৬ হাজার আসনের এই স্টেডিয়ামে আছে সব আধুনিক সুযোগ-সুবিধা। ছবির মতো সুন্দর এই মাঠে হংকং মেয়েরা খেলল প্রাগৈতিহাসিক যুগের ক্রিকেট। ইনিংসে একটা মাত্র চার মারতে পারল দশম ওভারে। এরা ব্যাট ধরতে শিখলেও রানিং বিটুইন দ্য উইকেটে খুবই কাঁচা। ৭টি রানআউট তারই খেসারত। বেশির ভাগ বলই ব্যাটে লাগাতে পারেনি। লাগালেও বৃত্তের বাইরে সব মিলিয়ে তিন কি চারবার বল গলাতে পেরেছে।বাংলাদেশের কমলা ৩ ওভারে ৪ রানে ২ উইকেট, তিথি ২ ওভারে ৪ রানে নিয়েছেন ১ উইকেট। বাকি কাজটা করেছেন পিংকি, তাঁর রান ১৭। রুমানা সুযোগ পেয়েছেন মাত্র এক রান করার। বাকি ৮ রান অতিরিক্ত। এমন জয়ের পরও সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ দীপু রায় চৌধুরী সতর্ক থাকলেন। অধিনায়ক সালমা খাতুন বললেন, ‘আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। সোনা জিততে চাই।’ওদিকে কাল দাবায় নিয়াজ মোরশেদ-লিজা, মিনহাজরা জিতলেও পদকের সব সম্ভাবনাই শেষ। সাঁতারে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৪ জনের মধ্যে ২৫তম কামাল হোসেন!