মেয়েদের ক্রিকেটের 'ডন ব্র্যাডম্যান'

আজ ৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে আসুন স্মরণ করি মেয়েদের ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন বেটি উইলসনকে সে সময় অস্ট্রেলিয়ান পত্রপত্রিকার খেলার পাতাজুড়ে কেবলি ডন ব্র্যাডম্যানের গুণকীর্তন। সেই ভিড়েই সেখানে জায়গা করে নিয়েছিলেন এক নারী ক্রিকেটার, যাঁকে বলা হতো ‘লেডি ডন’। দারুণ পারফরম্যান্স করেই বেটি উইলসন ‘লেডি ডন’ হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। ডন ব্র্যাডম্যানকে দেখে অনুপ্রাণিত করেছিলেন নিজেকে। ১৯৫১ সালে হেডিংলির ইয়র্কশায়ারে খেলার সময় উইলসন শপথ করেছিলেন, ‘এই মাঠে ডন সেঞ্চুরি করেছিলেন, আমিও করব।’ তিনি কথা রেখেছিলেন। শুধু তা-ই নয়, শেষ বলে চার মেরে দলকেও জিতিয়ে ছিলেন মাত্র ৭৫ মিনিটে সেঞ্চুরি করে।
উইলসন যখন প্রথম নারী হিসেবে অস্ট্রেলিয়ান স্পোর্টসের হল অব ফেমে অন্তর্ভুক্ত হন, ব্র্যাডম্যান তাঁর সঙ্গে দেখা করতে যান। ফেরার সময় উইলসনের অটোগ্রাফযুক্ত একটি ব্যাটও নিয়ে আসেন!
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অলরাউন্ডার সোহাগ গাজী গড়েছিলেন এক অনন্য রেকর্ড। টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি এবং হ্যাটট্রিকসহ ৫ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটারের তালিকায় নাম লিখিয়েছিলেন। তবে ‘প্রথম ক্রিকেটার’ কথাটার মধ্যে ফাঁক রয়ে গেছে। সেই কৃতিত্ব আসলে উইলসনের। তিনি একই টেস্টে সেঞ্চুরি, হ্যাটট্রিক, ইনিংসে ৫ উইকেট এবং ম্যাচে ১০ উইকেটের অবিস্মরণীয় রেকর্ড গড়েছিলেন।
শৈশবে ক্লিফটন হিলের মেয়র পার্কে টেনিস বল দিয়ে খেলতে খেলতেই ক্রিকেটের প্রতি জন্মায় গভীর অনুরাগ। খেলার সঙ্গী হিসেবে কোনো মেয়েকে পাননি। ছেলেরাও খেলত না তাঁর সঙ্গে। শৈশবে উইলসনের খেলার সঙ্গী ছিল রাস্তার একটা ল্যাম্পপোস্ট। সেই ল্যাম্পপোস্টের সঙ্গে খেলে খেলেই হাত মশকো করতে থাকেন। তাঁর অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেয় সেখানে মাঝে মাঝে কলিংউড মহিলা ক্রিকেট দল ম্যাচ খেলতে এসে। মাত্র ১৪ বছর বয়সে ভিক্টোরিয়া জুনিয়র দলে জায়গা করে নেন, ১৬ বছর বয়সে খেলেন ভিক্টোরিয়া রাজ্য দলের হয়েও।
১৯৪৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ বছর বয়সে অভিষেক হয়। অভিষেক ম্যাচেই ৯০ রান ও ১০ উইকেট নিয়ে সবার নজর কাড়েন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেখা পান প্রথম সেঞ্চুরির। যেটি অস্ট্রেলীয় নারীদের পক্ষেও প্রথম সেঞ্চুরি। এই টেস্টেও ৯ উইকেট নিয়ে জানিয়ে দেন, শুধু ব্যাটে নয়, কথা তিনি কইতে জানেন বোলিংয়েও। মাত্র ১১ টেস্টের ক্যারিয়ারে উইলসন রেকর্ড করেছেন ১২টি।
১৯৫৮ সালে ২৪ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলা উইলসন ১১ ম্যাচের ১৬ ইনিংসে ৫৭.৪৬ গড়ে ৮৬২ রান করেন। ৩টি শতকের পাশাপাশি ৩টি অর্ধশতকও ছিল। ১১ ম্যাচের ২১ ইনিংসে ১১.৮০ গড়ে ৬৮টি উইকেট পেয়েছিলেন। এর মধ্যে ইনিংসে ৫ উইকেট ৪ বার, ম্যাচে ১০ উইকেট ২ বার।
লিন্ডওয়ালের বোলিং, লিন্ডসে হ্যাসেটের লেট কাটের গুণমুগ্ধ উইলসন ক্রিকেট খেলে কখনোই পয়সা পাননি। জুতার কারখানার শ্রমিক বাবার মতো তিনিও রুটি-রুজি জুগিয়েছিলেন কেরানির চাকরি করে। মিডিয়ার আড়ালে থেকেছেন সব সময়। তাইতো ২০১০ সালে ইহলোক ত্যাগ করা উইলসনেরা একসময় ক্রিকেট ব্যাটটা জাহাজের হালের মতো শক্ত করে ধরেছিলেন বলেই মেয়েদের ক্রিকেট আজ এ পর্যন্ত আসতে পেরেছে। শুধু তা-ই নয়, মজার ব্যাপার হলো, ১৯৭৫ সালে যেখানে ছেলেদের ক্রিকেট বিশ্বকাপ শুরু, মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ কিন্তু শুরু হয়েছিল তারও দুই বছর আগে, ১৯৭৩ সালেই!