মেয়েদের টেনিসে পালাবদলের হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১২টা মাস আকর্ষণীয় খেলার ডালা সাজাবে মহিলা টেনিস। একঝাঁক নতুন খেলোয়াড় নাভিশ্বাস তুলবেন প্রতিষ্ঠিত সব তারকার। এমনটাই বিশ্বাস মাত্রই অস্ট্রেলিয়া ওপেনের মুকুট মাথায় তোলা ভিক্টোরিয়া আজারেঙ্কার। তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে স্রেফ উড়িয়ে দিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন (৬-৩, ৬-০)। এই বেলারুশিয়ান আজই বসতে যাচ্ছেন মহিলা টেনিসের এক নম্বর আসনে।২২ বছর বয়সী আজারেঙ্কাকে নিয়ে গত পাঁচটি গ্র্যান্ড স্লামে ভিন্ন পাঁচজন চ্যাম্পিয়ন দেখল টেনিস। যাঁদের শেষ চারজন আবার গ্র্যান্ড স্লাম জিতেছেন প্রথমবারের মতো। শুরু হয়েছিল ফ্রেঞ্চ ওপেনে লি নাকে দিয়ে, এরপর উইম্বলডনে জিতলেন পেত্রা কেভিতোভা ও ইউএস ওপেনে সামান্থা স্টোসুর। মহিলা টেনিসে একচ্ছত্র আধিপত্য দেখাতে পারছেন না কেউই। আজারেঙ্কার চোখে এটা ইতিবাচকই, ‘আমি মনে করি, মহিলা টেনিসের জন্য এটা অনেক বড় ব্যাপার। আমি বলব, আমাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা আছে।’প্রতিদ্বন্দ্বিতার কয়েকটি উদাহরণও দিয়েছেন টেনিসের নতুন রানি, ‘পেত্রা (কেভিতোভা) ও আমার বেশ কয়েকটা বিস্ময়কর ম্যাচ আছে। দুর্ভাগ্যজনকভাবে আমি এখনো তাঁকে হারাতে পারিনি। তবে আশায় আছি, সেটাও হয়ে যাবে।’অন্য প্রতিদ্বন্দ্বীদেরও প্রশংসা করেছেন আজারেঙ্কা, ‘মারিয়া (শারাপোভা) এখন সত্যিই ভালো খেলছে, সেরেনা ও কিম (ক্লাইস্টার্স) ফিরে এসেছে। এটা তো মহিলা টেনিসের জন্য দারুণ ব্যাপার।‘লি না গ্র্যান্ড স্লাম জিতেছে, স্যাম স্টোসুরও জিতেছে। আমি মনে করি, বেশ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখন বোধ হয় আমরা মহিলা টেনিসের ভবিষ্যতের দিকে তাকাতে পারি। এটা এখনই দারুণ একটা পর্যায়ে আছে।’ফাইনালে পরাজিত শারাপোভার কণ্ঠেও একই সুর, ‘টেনিসের ভবিষ্যতের ব্যাপারে বলব, দারুণ একটা সময় আসছে। আশা করি ব্যক্তিগতভাবে আমিও এতে অবদান রাখতে পারব।’তবে এবারের অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই সম্ভবত পালাবদল শুরু হলো মহিলা টেনিসে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামটা যেমন নতুনদের আগমনী গান শুনিয়েছে, তেমনি অনেক সাবেক চ্যাম্পিয়নের শেষের শুরুটাও সম্ভবত এখান থেকেই। ধরা যাক সেরেনা উইলিয়ামসের কথা। ৩০ বছর বয়সী ছোট উইলিয়ামসকে এখন বলা যায় খণ্ডকালীন খেলোয়াড়। চোটের জন্য হোক বা আগ্রহ হারিয়ে ফেলার কারণেই, টেনিসটা তাঁকে এখন আর টানছে না। চতুর্থ রাউন্ডে অখ্যাত একাতেরিনা মাকারোভার কাছে অসহায় আত্মসমর্পণই এটির প্রমাণ।কিম ক্লাইস্টাস তো ঘোষণাই দিয়ে দিয়েছেন, ২০১২তেই শেষ পেশাদার ক্যারিয়ার। দুটি গ্র্যান্ড স্লামজয়ী সভেতলেনা কুজনেতসোভা আবার কিছু জিতবেন, এমনটা আশা করা বাড়াবাড়ি। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে আশা জাগিয়েছেন শুধু আনা ইভানোভিচ। ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ইঙ্গিত দিয়েছেন নিজেকে ফিরে পাওয়ার। লি না, কেভিতোভা, আজারেঙ্কা, শারাপোভা, ওজনিয়াকি, ক্লাইস্টার্স—সঙ্গে আরও কিছু নতুন মুখ। ২০১২ সালটা দারুণ কাটবে আশা করাটা অন্যায় নয়। এএফপি।