মেয়েদের টেনিসের চার দশক
১৯৭০ সালে মাত্র এক ডলার দিয়ে টেনিস খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বিলি জিন কিং। ভার্জিনিয়া স্লিম সার্কিটে খেলার জন্য সই করেছিলেন আরও আট নারী। ‘অরিজিনাল নাইন’ নামে পরিচিত সেই নয় নারীর হাত ধরেই যাত্রা শুরু হয়েছিল মেয়েদের পেশাদার টেনিসের। ২৩ সেপ্টেম্বর তারই চার দশক পূর্তি হলো।মাত্র সাড়ে সাত হাজার ডলারের টুর্নামেন্ট দিয়ে পথচলা শুরু করা মেয়েদের টেনিস এখন প্রতি মৌসুমে খেলা হয় সাড়ে আট কোটি ডলারের প্রাইজমানির! টেনিস পেয়েছে স্টেফি গ্রাফ, মার্টিনা নাভ্রাতিলোভা, মারিয়া শারাপোভা, উইলিয়ামস বোনদের। দীর্ঘ আন্দোলন শেষে গ্র্যান্ড স্লামে পুরুষদের সমান অঙ্কের প্রাইজমানি পাচ্ছেন মেয়েরাও। কিন্তু পুরুষদের টেনিসের প্রতিদ্বন্দ্বিতা আর খেলার মান বিবেচনায় এলে এখনো অনেক পিছিয়ে মেয়েরা।এই উপলব্ধি নিয়েই চার দশক পূর্তির ক্ষণটি পার করছে মেয়েদের টেনিস। কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হচ্ছে বিলি জিন কিং, রোজমেরি ক্যাসালস, ন্যান্সি রিচি, কেরি মেলভিল, পিচেস বার্টকোভিচ, ক্রিস্টি পিজিওন, জুডি ডালটন, ভ্যালেরি জাইজেনফাস আর জুলি হেল্ডম্যান।সেই সময়টার কথা স্মরণ করে কিং বলেছেন, ‘গ্ল্যাডিসের সঙ্গে আমরা নয়জন যখন এক ডলারের চুক্তি করলাম, আমাদের লক্ষ্যই ছিল নতুন প্রজন্মের জন্য পথটা তৈরি করে দেওয়া। আমরা চেয়েছিলাম, টেনিস খেলতে পারে এমন মেয়েরা যেন জীবিকা হিসেবে এই খেলাটিকে নিতে পারে। এখন, এই ৪০ বছর পর এসে দেখছি, আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে।’ডব্লুটিএ (ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন) ট্যুরের প্রচলন আরও তিন বছর পর। ১৯৮০ সালে ডব্লুটিএ ট্যুরের আকার দাঁড়ায় ৪৭টি ইভেন্টে। মোট প্রাইজমানি ছিল ৭২ লাখ ডলার। আশির দশকে নাভ্রাতিলোভা প্রথম নারী হিসেবে ১০ লাখ ডলার প্রাইজমানি আয় করেন এক মৌসুমে। ২০০৫ সালে সনি এরিকসনের সঙ্গে ৮ কোটি ৮০ লাখ ডলারের ছয় বছরের চুক্তি হয়।অর্থের অঙ্কে খেলাটির আকার-আয়তন বাড়লেও মান কি বেড়েছে? প্রশ্নটা উঠেছিল গত বছর উইম্বলডনের ফাইনালে সেরেনা যখন ৬-১, ৬-০ গেমে হারালেন দিনারা সাফিনাকে। প্রশ্নটা আরও বড় হলো যখন গত ইউএস ওপেনের ফাইনালে ক্লাইস্টার্স জিতলেন ৬-২, ৬-১ গেমে। এএফপি, ওয়েবসাইট।