মেয়েদের নিয়েই বেশি আশা
হ্যান্ডবল স্টেডিয়ামের দেয়ালজুড়ে জ্বলছে লাল-নীল রঙের জোনাকি বাতি। ক্যাপ্টেন মনসুর আলী স্টেডিয়ামে বর্ণিল পতাকা উড়ছে। সন্ধ্যার স্টেডিয়ামের চেহারা দেখে কেউ বিয়েবাড়ির উৎসব বলে ভুল করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আসলে সত্যিই হ্যান্ডবল ফেডারেশনে উৎসব লেগেছে। আইএইচএফ ট্রফি খেলতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ দল এই মুহূর্তে ঢাকায়। ভুটান এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। ভিসা জটিলতায় আফগানিস্তান দলের আসতে দেরি হচ্ছে। তবে আজ দুপুরের মধ্যেই ঢাকায় পৌঁছানোর কথা আফগানদের।
আজ বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের পুরুষ দল খেলবে শক্তিশালী ভারতের সঙ্গে। বিকেল তিনটায় মহিলা দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভারতের সঙ্গে কখনোই জিততে পারেনি বাংলাদেশ দল। পুরুষ দলের খেলোয়াড়েরা তাই জয়ের ব্যাপারে ততটা আশাবাদী হতে পারছেন না। তবে মহিলা দলের জয়ের আশায় বাংলাদেশ দলের কোচ কামরুল ইসলাম, ‘মেয়েদের এই দল নিয়ে আমি ভীষণ আশাবাদী। কারণ, গত আইএইচএফ ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ওই দলের নয়জন খেলবে বর্তমান দলে। এই টুর্নামেন্ট নিয়ে মেয়েরা খুব আত্মবিশ্বাসী।’
দক্ষিণ এশিয়ার দলগুলোকে নিয়ে এমন বড় হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন। অথচ খেলোয়াড়দের প্রস্তুতি মনের মতো হয়নি। মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি যথেষ্ট নয় বলে স্বীকার করে নিলেন বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক ইমরান হোসেন, ‘এটা সত্যি, আমাদের প্রস্তুতি হয়েছে খুব অল্প সময়ের। এত কম প্রস্তুতি নিয়ে এমন টুর্নামেন্টে অংশ নেওয়া ঠিক নয়। তারপরও ভালো খেলার চেষ্টা করব। আশা করি, ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’