মেয়েদের ফাইনালে অস্ট্রেলিয়া

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে ভারতে এসেছিলেন স্টিভেন স্মিথরা। কিন্তু একরাশ হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে তাঁদের। তবে মেগ ল্যানিংরা এখনো টিকে আছেন। কাল দিল্লিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দার প্রান্তে পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার নারী দল।
মেয়েদের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে বরাবরই নতজানু অস্ট্রেলিয়া। ২৫ বার মুখোমুখি হয়ে ১৪ বারই হেরেছে তারা। কিন্তু বিশ্বকাপের নকআউট পর্ব এলেই যেন উল্টে যায় পাশার দান। ২০১২ ও ২০১৪ বিশ্বকাপে ইংল্যান্ডকেই ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এবারও সেটির ব্যত্যয় হচ্ছে না।
সেমিতে অবশ্য ছিল ইংল্যান্ডই ছিল ফেবারিট। গ্রুপ পর্বে অপরাজিত থাকা ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়াকে। বর্তমান চ্যাম্পিয়নরা ১৩২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অধিনায়ক মেগ ল্যানিংয়ের ৫৫ রানের ইনিংসটির কল্যাণে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ ওপেনার অ্যালিসা হিলির।
লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল ইংল্যান্ডের। দুই ওপেনার ১০ ওভারেই করেছিলেন ৬৭ রান। ১৩.৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৮৯ /১। টপ অর্ডারের তিনজনই ছিলেন দারুণ ফর্মে। শার্লট এডওয়ার্ডস (৩১), ট্যামি বিউমন্ট (৩২) ও সারাহ টেলর (২১) ইংল্যান্ডকে টানা তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছে দিচ্ছিলেন। কিন্তু বিউমন্ট আউট হতেই ৩৮ বলে ৪৪ রানের সহজ লক্ষ্যটাকে কঠিন বানিয়ে ফেলেন ইংলিশ ব্যাটাররা। ২৩ বলে মাত্র ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। যার খেসারত তাদের দিতে হয়েছে মাত্র ৫ রানে ম্যাচ হেরে। ক্রিকইনফো