মেয়েদের ফুটবলে আরেকটি ‘প্রথম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মহিলা ফুটবল এখন অনেক ‘প্রথম’-এর সঙ্গে পরিচিত হচ্ছে। জাতীয় চ্যাম্পিয়নশিপ, সুপার কাপ, ঢাকা লিগ—এই তিনটি আয়োজনের পর আজ শুরু হবে প্রথম মহিলা করপোরেট লিগ। ওয়ালটনের পৃষ্ঠপোষণায় চার দলের লিগে খেলছে বিজেএমসি, শেলেটক্, সানবীম প্রপার্টিজ ও ব্র্যাক। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সোয়া তিনটায় উদ্বোধনী ম্যাচ খেলবে বিজেএমসি-ব্র্যাক। ২৭ জানুয়ারি ফাইনাল। লিগের ৭টি ম্যাচই বঙ্গবন্ধু স্টেডিয়ামে।প্রথমবারের মতো মহিলা করপোরেট ফুটবল লিগ— বাংলাদেশের মহিলা ক্রীড়ার জন্যই সুখবর। তবে এই প্রতিযোগিতা আয়োজনে প্রত্যাশিত সাড়া পায়নি আয়োজক বাফুফে। কয়েকটি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলেও আপাতত সাড়া মেলেনি। শেষ সময়ে একটি দল নাম প্রত্যাহার করেছে। এর পরও নানা বাধা পেরিয়ে প্রতিযোগিতাটি আলোর মুখ দেখছে। এটি ২০১১ সালের নির্ধারিত প্রতিযোগিতা। ২০১২ সালের করপোরেট লিগও হবে। কাল সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার জানিয়েছেন, দলসংকটে শেষ সময়ে উপায়ান্তর না দেখে সানবীম দলটা গড়েছেন তিনি নিজেই। শেলটেকের দল গড়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সারা দেশে ৩৫টি জেলা দল আছে। তা থেকেই করপোরেট লিগের জন্য দল গড়া। প্রাসঙ্গিক তথ্য—১৮ জনের ওই দলে ১৪ জনই পাহাড়ি অঞ্চলের মেয়ে। বাফুফের মহিলা কমিটির প্রধান সিরাজুল ইসলাম তাকিয়ে আছেন সামনে, ‘খুবই সমস্যার মধ্য দিয়ে লিগটা মাঠে নামাচ্ছি আমরা। তবে আশা করি, সামনে আরও নতুন দল এবং নতুন মেয়ে ফুটবলে পাওয়া যাবে।’সেই প্রত্যাশাই বাফুফের জন্য প্রেরণা।