মাত্র সাত বছরের পথ পরিক্রমা। বিরাট কিছু না হোক, হাঁটি হাঁটি পা করে ছোট্ট শিশুটি এখন উঠে দাঁড়ানোর অপেক্ষায়। তারই স্মারক হতে পারে আজ শুরু দেশের প্রথম মহিলা ফুটবল লিগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল চারটায় শেখ জামাল-দীপালি উদ্বোধনী ম্যাচ। কে জানে, এই শিশুটি একদিন বড় হয়ে দৌড়াতে শুরু করবে না!২০০৪ সালে দেশে প্রথম মহিলা টুর্নামেন্ট চালুর উদ্যোগ নেওয়ায় মৌলবাদীরা তুমুল আন্দোলনে নেমেছিল। এ নিয়ে মিছিল-সমাবেশ পর্যন্ত হয়েছে। কিন্তু ফিফা-এএফসির চাওয়া, মহিলা সংগঠক আর আগ্রহী মেয়েদের উৎসাহেরই জয় হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ‘ইতিহাস’ রচিত হচ্ছে। বাংলাদেশে মহিলা ফুটবল যাত্রার অন্যতম অগ্রপথিক মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানার জন্য আজকের দিনটি খুব খুশির হওয়ার কথা। খুশিও তিনি, ‘হ্যাঁ, এটা বিরাট অর্জন। আমরা ধাপে ধাপে এত দূর এগিয়ে এলাম।’ তবে ডানার কণ্ঠে ক্ষোভ এই লিগের জন্য ৩১ জন খেলোয়াড় নিয়ে গঠিত পুলের গঠনপ্রক্রিয়া নিয়ে, ‘একটা বিশেষ দলকে সুবিধা দিতে তারা (বাফুফের মহিলা লিগ কমিটি) বিতর্কিতভাবে পুল করেছে। নিন্দা জানানোর ভাষা জানা নেই।’এসব সংগঠকদের ব্যাপার। খেলোয়াড়েরা কিন্তু খুবই উচ্ছ্বসিত। জাতীয় দলের অন্যতম স্ট্রাইকার সাবিনা খাতুন পেছনে তাকিয়ে একটু অবাকই হচ্ছেন, ‘আমরা এত দূর এগিয়ে যাব ভাবিনি। এই লিগে খেলে আমরা কিছু টাকাও পাচ্ছি। আমাদের শেখ জামাল ক্লাব তিনটি ক্যাটাগরিতে ৩০, ২০ ও ১০ হাজার টাকা করে দিচ্ছে খেলোয়াড়দের। কিছুদিন আগেও এটা আমরা কল্পনা করিনি।’ খোদ ফিফাও বাংলাদেশের মেয়েদের ‘অগ্রযাত্রায়’ অবাক। সম্প্রতি জার্মানিতে মেয়েদের বিশ্বকাপ চলার সময় অনগ্রসর ও মুসলিম দেশগুলোর মেয়েদের ফুটবলের ওপর প্রামাণ্যচিত্র দেখানো হয়। বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু) সেখানে উপস্থিত থাকার অভিজ্ঞতা জানাচ্ছেন, ‘ওখানে সবাই আমাদের উচ্ছ্বসিত প্রশংসা করেছে। ফিফার দৃষ্টিতে মুসলিম রক্ষণশীল দেশে ফুটবল প্রসারে বাংলাদেশ অন্যদের কাছে অনুকরণীয়। গত এক বছরে আমরা চারটি আন্তর্জাতিক (এএফসি-১৯, সাফ, অলিম্পিক ও বিশ্বকাপ বাছাই) টুর্নামেন্ট করেছি। এসবেরই ফল পাচ্ছি এখন।’ প্রত্যক্ষ ফল, মহিলা ফুটবলে সহায়তা করতে বাফুফের সঙ্গে কয়েকটি এনজিও যোগাযোগ করেছে। নড়াইলের একটা এনজিওর ১০ জন খেলোয়াড় লিগে খেলছেন দুটি দলে। এভাবে সারা দেশ থেকেই মেয়েরা উঠে আসছেন। তাঁরা প্রায় সবাই দরিদ্র পরিবারের। অল্প কিছু টাকা বা একটা চাকরি তাঁদের অনেকের কাছে সোনার হরিণ। তবে চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে ঘোর আপত্তি তৃষ্ণা চাকমার। অন্য অনেকের কথা উঠে এলো তাঁর কণ্ঠে, ‘আমরা খেলার সুযোগ পাচ্ছি, সেটিই বড় কথা। আগামীতে আরও মেয়ে আসুক এই খেলায়, এটাই আমার চাওয়া।’ তৃষ্ণাদের চাওয়া পূরণ করতে অনেক কর্মসূচি নিয়েছে বাফুফে। ফিফার সহায়তা ও কেএফসির পৃষ্ঠপোষকতায় নভেম্বরে ‘কেএফসি কাপ’ হওয়ার কথা। ডিসেম্বরে প্রথমবারের মতো করপোরেট লিগও হতে পারে। পৃষ্ঠপোষক তৈরি। সারা বছরের অনুশীলন ক্যাম্প শুরুর উদ্যোগ চলছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে একজন কোচ আনার পরিকল্পনা নিয়েছেন কর্মকর্তারা। পুরুষ ফুটবলে বাংলাদেশের ফিফা র্যাংঙ্কিং এখন ১৩৮। মেয়েদের ফুটবলে ১১৭। সাফ মহিলা ফুটবলে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সাবিনা বললেন, ‘এই অঞ্চলে এক নম্বর হতে চাই আমরা।’আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিচ্ছে লিগ।